সারদায় ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট এসআই ব্যাচের সমাপনী কুচকাওয়াজ

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই)-২০২৬ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপি। এ সময় তিনি প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

সমাপনী কুচকাওয়াজে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ব্যাচের ৮৪ জন এবং ৪৩তম ক্যাডেট এসআই ব্যাচের ১৬২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জনাব মো. আলী হোসেন ফকির, বিপিএম; পুলিশের অতিরিক্ত আইজিপি জনাব মো. মাইনুল হাসান, বিপিএম, পিপিএম; বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীর প্রিন্সিপালসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কুচকাওয়াজে এএসপি প্রবেশনার মো. মাহবুব হোসেন প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে শিক্ষানবিশ সার্জেন্ট মো. ওমর ফারুক ‘বেস্ট সার্জেন্ট’, মোহাম্মদ দেলোয়ার হোসাইন ‘বেস্ট একাডেমিক’, সাইফুল ইসলাম ‘বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ’ এবং মো. আসাদুজ্জামান ‘বেস্ট শুটার’ নির্বাচিত হন।

অন্যদিকে, ক্যাডেট সাব-ইন্সপেক্টরদের মধ্যে মোহাম্মদ জাহাঙ্গীর আলম ‘বেস্ট ক্যাডেট’, মো. বোরহানুল ইসলাম ‘বেস্ট একাডেমিক’, দেওয়ান গোলাম রসুল ‘বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ’ এবং মো. কামাল গণি ‘বেস্ট শুটার’ হিসেবে পুরস্কার লাভ করেন।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী নবনিযুক্ত শিক্ষানবিশ সার্জেন্ট ও সাব-ইন্সপেক্টরদের সততা, দক্ষতা, নিষ্ঠা, পেশাদারত্ব ও কর্তব্যপরায়ণতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে পুলিশ সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সব ধরনের ভয়ভীতি ও পক্ষপাতিত্ব উপেক্ষা করে জনগণকে আইনি সেবা ও নিরাপত্তা দিতে হবে।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের পাশে থেকে এবং মানুষকে সেবা দিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে। জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের শেষে সার্বিক আয়োজনের জন্য বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো হয়।

উল্লেখ্য, ২৭তম শিক্ষানবিশ সার্জেন্টরা ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ শেষে নিজ নিজ ইউনিটে যোগদান করবেন। অন্যদিকে, ৪৩তম ক্যাডেট এসআই ব্যাচের প্রশিক্ষণার্থীরা ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ শেষে শিক্ষানবিশ এসআই (নিরস্ত্র) হিসেবে বিভিন্ন ইউনিটে পদায়িত হবেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযানে দামুড়হুদা উপজেলায় সরকারি অনুমোদনহীন ও পরিবেশ দূষণ কারী অবৈধ ইট ভাটা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হলো

চুয়াডাঙ্গা উপজেলায় অবৈধ ইটভাটায় বিশেষ অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসন

পটুয়াখালীর বৃহৎ মৎস্য বন্দর মহিপুর ও আলীপুর দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞার পর আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে মাছ ধরা

দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞার পর আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকে নদী