সিদ্ধিরগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৪ বছর বয়সী এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে তার সৎ বাবা মো. মহসিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ২৯ আগস্ট নিমাইকাশারী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মহসিন কুমিল্লার দেবিদ্বার উপজেলার বল্লবপুর এলাকার মো. ময়নাল হোসেন ওরফে মনু মিয়ার ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকায় আনিছুর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর বাবা মারা যাওয়ার পর তার মা দ্বিতীয় বিয়ে করেন।
প্রায় দুই বছর আগে কিশোরীকে তার মা নিজের কাছে নিয়ে আসেন। এরপর থেকে সে মা ও সৎ বাবার সঙ্গে বসবাস করে আসছিল। মামলার এজাহারে কিশোরীর দত্তক ভাই মো. নাঈম মিয়া অভিযোগ করেন, প্রায় এক মাস ধরে মহসিন ভয়ভীতি দেখিয়ে কিশোরীকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে আসছিলেন। এজাহারে আরও বলা হয়, গত ২৫ আগস্ট বিকেলে কিশোরীর মা কাজের উদ্দেশ্যে বাড়ির বাইরে গেলে বাসায় কেউ না থাকার সুযোগে মহসিন আবারও কিশোরীকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
পরে কিশোরী বিষয়টি তার দত্তক পরিবারের সদস্যদের জানায়। ঘটনাটি জানার পর পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় সিদ্ধিরগঞ্জ থানায় গিয়ে অভিযোগ করেন। পরে এ ঘটনায় মামলা দায়ের করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, ভুক্তভোগীর ভাইয়ের অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। মামলার পর অভিযান চালিয়ে অভিযুক্ত মহসিনকে গ্রেপ্তার করা হয়।

সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাধা, নারীসহ ছুরিকাঘাতে আহত ৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রকাশ্যে মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে নারীসহ তিনজনকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন মাদক কারবারির বিরুদ্ধে। বৃহস্পতিবার ২৮ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি পাগলা বাড়ি ক্যানেলপাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন মো. সিফাত ২১, মো. রাজু ২৬ এবং মোসা. এ্যানি আক্তার ৩০। গুরুতর আহত সিফাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজু ও এ্যানি আক্তার নারায়ণগঞ্জ শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মিজমিজি পাগলা বাড়ি ক্যানেলপাড় এলাকায় কয়েকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক কেনাবেচার অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার রাতে স্থানীয় কয়েকজন ওই মাদক বিক্রিতে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে অভিযুক্তরা ধারালো অস্ত্র নিয়ে বাধা প্রদানকারীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। এ সময় সিফাত, রাজু ও এ্যানি আক্তার ছুরিকাঘাতে আহত হন। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। স্থানীয়দের অভিযোগ, শফিকুল ইসলাম ৩৫, সোহেল ৩১ ও জান্নাতুল ফেরদৌস পারীসহ তাদের সহযোগীরা ওই এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত। তবে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক মো. ওয়ালীউল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন