সিলেটে কাঁঠালবোঝাই ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষ, নিহত ৮

সিলেটে কাঁঠালবোঝাই একটি ট্রাকের সঙ্গে শ্রমিকবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জন নিহত হয়েছেন। রবিবার ভোরে সকাল ৬টার দিকে নগরীর তেলিবাজার বাইপাস সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও কয়েকজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে চলা কাঁঠালবোঝাই ট্রাকটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ডিআই পিকআপ ভ্যানের সংঘর্ষ হলে বিকট শব্দে আশপাশের মানুষ ছুটে আসেন। সংঘর্ষের তীব্রতায় পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়।

জানা গেছে, পিকআপ ভ্যানে থাকা শ্রমিকরা ভোরে দৈনিক কাজের উদ্দেশ্যে বের হয়েছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধারকাজে যোগ দেন।

সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আহতদের মধ্যে কয়েকজনকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। নিহতদের অধিকাংশই শ্রমজীবী মানুষ বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে।

এ ঘটনায় তেলিবাজার বাইপাস সড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে স্বাভাবিক হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন