বৃহস্পতিবার,৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে র‌্যাব সদস্য নিহত, বরিশালে ডিবিকে কুপিয়ে জখম

দেশের দুই অঞ্চলে পৃথক ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বরিশালের উজিরপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। এ ঘটনায় এক কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। অন্যদিকে, সিলেট নগরীতে ছিনতাইকারীকে আটক করতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন র‌্যাব-৯ এর এক সদস্য।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২২ মে) দুপুর দেড়টার দিকে বরিশালের উজিরপুর পৌরসভার খেয়াঘাট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশের সাত সদস্যের একটি দল। অভিযানের একপর্যায়ে মাদক কারবারিরা বাধা প্রদান করলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।

এ সময় অভিযুক্ত আরিফ মোল্লা তার কাছে থাকা মাদকের একটি পোটলা পাশের পুকুরে ছুড়ে ফেলে। পরে ডিবি কনস্টেবল মৃনাল পুকুর থেকে মাদকদ্রব্য উদ্ধারের চেষ্টা করলে তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চারজনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন— শামীম মোল্লা (২৬), মুনসুর মোল্লা (৭০), আলাউদ্দিন (২৪) ও আরিফ মোল্লা (২৩)। আহত কনস্টেবল মৃনালকে তাৎক্ষণিকভাবে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বরিশাল জেলার পুলিশ সুপার এ.জেড.এম. মোস্তাফিজুর রহমান জানান, মাদক উদ্ধারের সময় অভিযুক্তরা পুকুরে ঝাঁপ দিলে ডিবি সদস্যরা তাদের আটক করার চেষ্টা করেন। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে এক পুলিশ সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। তবে অভিযানে জড়িত চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

তিনি আরও জানান, এ ঘটনায় উজিরপুর মডেল থানায় দুটি পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং অন্যটি পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদেরও শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অন্যদিকে একই দিনে সিলেট নগরীর ক্বিনব্রিজ এলাকায় ছিনতাইকারীকে আটক করতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হন র‌্যাব-৯ এর সদস্য ইমন আচার্য্য (বিপি নম্বর- ৯৮১৮২১৯২০৫)। শুক্রবার দুপুর ১২টার দিকে সংঘটিত এ ঘটনায় তিনি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

একই দিনে দেশের দুই স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালনরত সদস্যদের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন তারা।

এদিকে উভয় ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন