
রংপুরের পীরগাছা উপজেলার চৌধুরাণী রেলওয়ে স্টেশনটি শুধুমাত্র স্টেশন মাস্টার না থাকার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে। স্টেশন মাস্টারের পদটি শূন্য থাকায় স্টেশনের স্বাভাবিক কার্যক্রম সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে, যার ফলে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এই স্টেশনের ওপর নির্ভরশীল শত শত ট্রেনযাত্রীকে।
সরেজমিনে দেখা গেছে, স্টেশন মাস্টার না থাকায় স্টেশনের অফিস কক্ষ ও টিকিট কাউন্টার দীর্ঘদিন ধরে তালাবদ্ধ অবস্থায় রয়েছে। দায়িত্বপ্রাপ্ত কোনো মাস্টার না থাকায় যাত্রীরা কোনো ধরনের টিকিট সংগ্রহ করতে পারছেন না। এতে করে বাধ্য হয়ে অনেক যাত্রীকে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করতে হচ্ছে, কিংবা অতিরিক্ত সময় ও ভাড়া ব্যয় করে পার্শ্ববর্তী পীরগাছা ও বামনডাঙ্গা স্টেশনে গিয়ে টিকিট কেটে ট্রেনে উঠতে হচ্ছে।
স্থানীয় যাত্রী ও এলাকাবাসী জানান, চৌধুরাণী একটি ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ এলাকা হওয়া সত্ত্বেও শুধুমাত্র একজন স্টেশন মাস্টারের অভাবে গুরুত্বপূর্ণ এই স্টেশনটি অচল হয়ে আছে। মাস্টার না থাকায় ট্রেন চলাচলের সঠিক তথ্যও জানতে পারছেন না যাত্রীরা। এছাড়া সার্বক্ষণিক তদারকি না থাকায় রাতের বেলায় স্টেশন প্ল্যাটফর্মে অনিরাপদ পরিবেশ তৈরি হচ্ছে।
ভুক্তভোগী যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের জোর দাবি, জনদুর্ভোগ নিরসনে রেলওয়ে কর্তৃপক্ষ যেন অনতিবিলম্বে চৌধুরাণী রেলওয়ে স্টেশনে একজন স্টেশন মাস্টার পদায়ন করে স্টেশনটি পুনরায় সচল করার ব্যবস্থা নেয়।




