লক্ষ্মীপুর তাওয়াক্কোলিয়া দাখিল মাদরাসায় এসএসসি (দাখিল) পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক আবেগঘন ও স্মরণীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্প্রতি মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানটি পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এরপর দাখিল পরীক্ষার্থী নিয়াজ মূর্শেদ-এর সুমধুর হামদ পরিবেশনা উপস্থিত সকলকে মুগ্ধ করে। পরে লক্ষ্মীপুর জামে মসজিদের ইমাম বিশেষ মোনাজাত পরিচালনা করেন এবং পরীক্ষার্থীদের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদরাসার শিক্ষক আরিফুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইংরেজি শিক্ষক রফিকুল ইসলাম। এছাড়াও শিক্ষকবৃন্দের পক্ষ থেকে বক্তব্য দেন আফজাল নূর, আল মামুন এবং মো. শহিদুল্লাহ।
মাদরাসার সুপার তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “জীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে কঠোর পরিশ্রম, নিয়মিত অধ্যয়ন এবং সঠিক দিকনির্দেশনাই সফলতার মূল চাবিকাঠি।” তিনি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান।
বিদায়ী শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে শিক্ষকদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। তারা মাদরাসায় কাটানো স্মৃতিময় মুহূর্তগুলো স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়ে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয় এবং তাদের সর্বাঙ্গীন সফলতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।



