
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি হীরকজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতাতে আসছেন নগরবাউলখ্যাত জনপ্রিয় রক সংগীতশিল্পী জেমস।
একই সঙ্গে হীরকজয়ন্তীর নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী ১২ নভেম্বর পর্যন্ত।
সোমবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শফিকুল ইসলাম তার কার্যালয়ে এসব তথ্য জানান।
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি তথা হীরকজয়ন্তী উদযাপন উপলক্ষে গত ৩০ অক্টোবর আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে রেজিস্ট্রেশনসহ বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যান্ড দলের অংশগ্রহণ নিয়ে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছিল। তবে আনন্দের সঙ্গে জানাচ্ছি, জনপ্রিয় ব্যান্ড নগরবাউল ও সংগীতশিল্পী জেমসের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নাট্যকলা ও সংগীত বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশনায় অংশ নেবেন। বর্তমানে রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করে এই আয়োজনের অংশ হওয়ার আহ্বান জানাচ্ছি।’
এর আগে গত শুক্রবার (৩০ অক্টোবর) চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তীর নিবন্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আগামী ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে হীরকজয়ন্তী উদযাপন করা হবে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নিতে পারবেন।
হীরকজয়ন্তীর অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। আগ্রহীরা আগামী ১২ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট https://cu60.cu.ac.bd/ থেকে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।
উল্লেখ্য, ১৯৬৬ সালের ১৮ নভেম্বর প্রতিষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চলতি বছর প্রতিষ্ঠার ৬০ বছর পূর্ণ করতে যাচ্ছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে হীরকজয়ন্তী উদযাপনের প্রস্তুতি চলছে




