ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে দুটি খাল সংস্কার ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলার জোড়াদহ ইউনিয়নের জটার খাল এবং কাপাশহাটিয়া ইউনিয়নের কেসমত ঘোড়াগাছা খাল সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টায় জোড়াদহ ইউনিয়ন পরিষদ চত্বরে এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, সহ-দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পী, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক তাইজাল হোসেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান।
এছাড়া অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, খাল পুনঃখননের মাধ্যমে এলাকার কৃষি ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধা বৃদ্ধি এবং কৃষি উৎপাদন বাড়াতে এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালগুলো ভরাট হয়ে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল। এই সংস্কার কাজ সম্পন্ন হলে এলাকার কৃষি ও পরিবেশ ব্যবস্থায় স্বস্তি ফিরবে বলে তারা আশা প্রকাশ করেন।




