জুলাই জাতীয় সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতসহ ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ

জুলাই জাতীয় সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যজোট। রবিবার (১২ এপ্রিল) বিকেলে আয়োজিত এই কর্মসূচি থেকে বক্তারা অবিলম্বে জনগণের রায় মেনে নিয়ে তা দ্রুত বাস্তবায়নে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

​বিকেল সাড়ে ৩টায় শহরের আমতলা গণমুখী মাঠ থেকে বিশাল একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক নারকেলতলা মোড়, আসিফ চত্বর, কোর্ট মোড়, নিউ মার্কেট ও পাঁকা পুলের মোড় হয়ে নাজমুল সরণি প্রদক্ষিণ শেষে পুনরায় আমতলা মাঠে গিয়ে শেষ হয়। মিছিলে ১১ দলীয় ঐক্যজোটের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।

​সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক। সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির শেখ নুরুল হুদা ও ডা. মাহমুদুর রহমান, এনসিপির জেলা আহ্বায়ক কামরুজ্জামান বুলু, এবি পার্টির জেলা সদস্য সচিব, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ওমর ফারুক, শহর আমির জাহিদুল ইসলাম, সেক্রেটারি খোরশেদ আলম এবং সদর সেক্রেটারি হাবিবুর রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

​সমাবেশে বক্তারা বলেন, নির্বাচনের আগে দেশবাসীকে গণভোট বাস্তবায়নের যে আশ্বাস দেওয়া হয়েছিল, তা রক্ষায় সরকারকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। একইসাথে জুলাই জাতীয় সনদের পূর্ণ বাস্তবায়নের দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার জনস্বার্থ বিরোধী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে যা সাধারণ মানুষের আকাঙ্ক্ষার পরিপন্থী। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের ন্যায্য দাবি আদায়ে রাজপথের আন্দোলন আরও বেগবান করা হবে। সরকারের উচিত জনমতকে শ্রদ্ধা জানিয়ে দ্রুত সংকট নিরসনে এগিয়ে আসা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন