বন্ধ কারখানা পুনরায় চালু করা হবে : শরীফুল আলম

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, দেশে বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলো চালুর উদ্যেগ নেওয়া হচ্ছে। এতে দেশে কর্মসংস্থান সৃষ্টি ও বেকার সমস্যা কমে যাবে। পাট ও বস্ত্র খাতকে আধুনিকায়নের মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করা হবে। নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতি অনুযায়ী সরকারী বে-সরকারী যে কোন ব্যবস্থাপনায় জুট মিলগুলোর চালু করা হবে।
মঙ্গলবার  নরসিংদীর পলাশের কো-অপারেটিভ জুটমিল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নরসিংদীর দুটিসহ সারাদেশেই বন্ধ কারখানাগুলো পর্যায়ক্রমে চালু করা হবে। এসব কারখানায় দেশি-বিদেশী উদ্যোক্তাদের আকৃষ্ট করা হচ্ছে।  বিগত সরকারের সময়ে বন্ধ হয়ে যাওয়ার ফলে অনেক  মানুষ কর্মশূন্য হয়ে পড়ে। বর্তমান সরকার জনগণের সরকার তাই জনগণের কল্যাণে ও তাদের কর্মসংস্থানে এই সরকার বদ্ধপরিকর।

পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন, বিজিএমসির চেয়ারম্যান, ‎বিগ্রেডিয়ার  জেনারেল মো: কবির উদ্দিন সিকদার, মুখ্য পরিচালন কর্মকর্তা মামনুর রশিদ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুব্রত সিকদার,পৌর বিএনপির সভাপতি মোঃ আলম মোল্লা,সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন,  প্রকল্প প্রধান কো অপারেটিভ জুট মিলস লিঃ মুহাম্মদ হুমায়ূন খালিদ প্রমুখ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন