শুধু রোদেই নয় ঘরেও হতে পারে হিট স্ট্রোক

তীব্র গরমে হিট স্ট্রোকের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটি ভুল ধারণা প্রচলিত রয়েছে— অনেকে মনে করেন, কেবলমাত্র রোদে দীর্ঘসময় থাকলেই হিট স্ট্রোক হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই ধারণা পুরোপুরি সঠিক নয়; তীব্র রোদে বাইরে না গেলেও, ঘরের ভেতরেও হতে পারে হিট স্ট্রোক।

বিশেষজ্ঞদের মতে, শুধু রোদে থাকলেই হিট স্ট্রোক হয়— এ ধারণা সঠিক নয়। বদ্ধ, গরম ও আর্দ্র পরিবেশে দীর্ঘসময় থাকলেও এটি হতে পারে। এমনকি ঘরের ভেতরে, বসে বা শুয়ে থাকলেও এবং রাতেও হিট স্ট্রোকের ঝুঁকি থাকে।

হিট স্ট্রোক হলে শরীরের তাপমাত্রা দ্রুত বেড়ে ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি হয়ে যেতে পারে। এ অবস্থায় রক্তনালিগুলো প্রসারিত হয়ে শরীরে বিভিন্ন জটিলতা দেখা দেয়।

এর সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে মাথা ঘোরা, তীব্র মাথাব্যথা, বুকে চাপ অনুভব, হাত-পায়ে দুর্বলতা এবং অস্বস্তি। কখনো আক্রান্ত ব্যক্তি দাঁড়িয়ে থাকতে না পেরে পড়ে যেতে পারেন, এমনকি রক্তচাপ কমে যাওয়ার ঘটনাও ঘটে।

এমন পরিস্থিতিতে দ্রুত আক্রান্ত ব্যক্তিকে ঠান্ডা স্থানে সরিয়ে নেওয়া জরুরি। সম্ভব হলে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে রাখা, ঠান্ডা পানি দিয়ে শরীর ভেজানো এবং কাপড় ঢিলা করে দেওয়া উচিত। পাশাপাশি দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

এ ছাড়া প্রচুর পানি পান, ওরাল স্যালাইন (ORS) গ্রহণ এবং শরীর ঠান্ডা রাখার দিকে বিশেষ নজর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে মাঝে মাঝে ঠান্ডা পানিতে শরীর ভেজানো বা গোসল করাও উপকারী হতে পারে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সচেতনতা ও সতর্কতা অবলম্বনের মাধ্যমেই হিট স্ট্রোকের মতো প্রাণঘাতী ঝুঁকি অনেকটাই এড়ানো সম্ভব।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন