সিরাজগঞ্জের বেলকুচিতে খাদ্য অধিদপ্তরের উদ্যোগে “অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান-২০২৬”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ মে) সকালে বেলকুচি লোকাল সাপ্লাই ডিপো (এলএসডি) ক্রয় কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমিরুল ইসলাম খান আলীম।
উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরিন জাহান।
অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা বলেন, দেশের কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে খাদ্য অধিদপ্তর। এর ফলে কৃষকরা যেমন লাভবান হবেন, তেমনি দেশের খাদ্য নিরাপত্তা আরও সুসংহত হবে।
ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, এলাকার কৃষক সাধারণ, খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী সম্পূর্ণ স্বচ্ছতার সাথে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহ করা হবে।



