ছয় মাস পানিতে ডুবে থাকে বিদ্যালয় প্রাঙ্গণ, দুর্ভোগে ত্রিশালের শিক্ষক-শিক্ষার্থীরা

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত ২০ নম্বর বৈলর মঠবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সমস্যায় ভুগছে। বছরের প্রায় অর্ধেক সময় বিদ্যালয়ের প্রাঙ্গণ পানিতে তলিয়ে থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের চারপাশে পানি জমে থাকায় শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন বিদ্যালয়ে যাতায়াত করতে হয়। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। বিদ্যালয়ের মাঠ, প্রবেশপথ ও আশপাশের এলাকা পানিতে ডুবে যাওয়ায় কোমলমতি শিশুদের স্কুলে আসা-যাওয়া অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে। অনেক অভিভাবক বাধ্য হয়ে সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে অনীহা প্রকাশ করেন, যার প্রভাব পড়ে উপস্থিতির হারেও।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান, দীর্ঘদিন ধরেই এ সমস্যা চলে আসছে। বিষয়টি একাধিকবার উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হলেও এখনো কার্যকর কোনো স্থায়ী সমাধান হয়নি। তিনি দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ এবং বিদ্যালয়ের পরিবেশ শিক্ষাবান্ধব করার দাবি জানান।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নীলুফার হাকিম বলেন, “আমরা বিষয়টি সম্পর্কে অবগত রয়েছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হবে।”
এলাকাবাসীর দাবি, শিক্ষার্থীদের নিরাপদ ও সুন্দর পরিবেশে পাঠদান নিশ্চিত করতে দ্রুত জলাবদ্ধতা নিরসন ও বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন জরুরি। বছরের পর বছর অবহেলায় পড়ে থাকা এ বিদ্যালয়টির সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন