বরগুনার আমতলী উপজেলার ৪ নম্বর হলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সোনাউটা এলাকার হিন্দুপাড়া বাইন বাড়ি সংলগ্ন স্থান থেকে এক অজ্ঞাত পরিচয়ের নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে এলাকাবাসী ওই স্থানে মরদেহটি পড়ে থাকতে দেখে আমতলী থানায় খবর দেয়। পরে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় কেউ ওই নারীর পরিচয় শনাক্ত করতে পারেননি। মরদেহের পরিচয় উদ্ঘাটন এবং মৃত্যুর কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
আমতলী থানার পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটির সব দিক গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত রহস্য উদ্ঘাটন এবং মৃত নারীর পরিচয় শনাক্তের দাবি জানিয়েছেন।




