দিনাজপুরের পার্বতীপুরে প্রেসক্লাবের ছয় সাংবাদিকের নামে আদালতে দায়েরকৃত কথিত সাজানো মামলায় পিবিআই, দিনাজপুরের অ্যাডিশনাল ডিআইজি মোঃ মাহফুজ্জামান আশরাফ ও পুলিশ পরিদর্শক প্রদীপ কুমার রায়ের বিরুদ্ধে বানোয়াট ও পক্ষপাতদুষ্ট প্রতিবেদন দাখিলের অভিযোগ তুলে প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে ২০২৬) সকাল ১১টায় পার্বতীপুর প্রেসক্লাবের উদ্যোগে নতুনবাজারস্থ প্রেসক্লাব সংলগ্ন সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীন সাংবাদিকতা ও সত্য প্রকাশের পথ রুদ্ধ করতে সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের এবং হয়রানিমূলক কার্যক্রম চালানো হচ্ছে। তারা আদালতে দাখিলকৃত ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ প্রতিবেদন প্রত্যাহার করে নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
এসময় বক্তব্য রাখেন পার্বতীপুর প্রেসক্লাবের আহ্বায়ক আতাউর রহমান, অ স ম হায়দার, হাবিব ইফতেখার, মামুনুর রশীদ বিপ্লব, আব্দুল্লাহ আল মামুন, এম এ জলিল, তাসকির হোসেন ও মাহফিজুর রহমান (রিপন)সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।
বক্তারা আরও বলেন, গণমাধ্যমকর্মীদের কণ্ঠরোধের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ রয়েছে এবং এ ধরনের হয়রানির বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলা হবে।



