বৃহস্পতিবার,২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নগরবাসীকে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার দিচ্ছে রাসিক, বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রশাসক রিটন

রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়ের উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির মাংস স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণ এবং কোরবানি পরবর্তী বর্জ্য দ্রুত অপসারণ নিশ্চিত করতে প্রথমবারের মতো রাজশাহী মহানগরবাসীর মাঝে বিনামূল্যে পাস্টিকমুক্ত পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ কার্যক্রম শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন।
বৃহস্পতিবার দুপুর ২টায় নগরীর দরগাপাড়া এলাকায় ৯ নম্বর ওয়ার্ডে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি কয়েকজনের হাতে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার তুলে দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এরপর দরগাপাড়া এলাকায় তিনি বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের মাঝে ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ করেন।
এই বিশেষ উদ্যোগের আওতায় রাজশাহী মহানগরীর ৮২ হাজার হোল্ডিং এর প্রতিটি মুসলিম পরিবারকে কোরবানির মাংস স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণে ৩টি করে পরিবেশবান্ধব ব্যাগ, গরু বা মহিষ কোরবানিদাতাদের জন্য বড় ২টি পরিবেশবান্ধব ব্যাগ ও ১ কেজি ব্লিচিং পাউডার এবং ছাগল বা ভেড়া কোরবানিদাতাদের জন্য ১টি পরিবেশবান্ধব ব্যাগ ও ৫০০ গ্রাম ব্লিচিং পাউডার প্রদান করা হচ্ছে।
উদ্বোধনকালে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে আসন্ন ঈদুল আযহায় কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
প্রতিটি মুসলিম পরিবারকে ৩টি করে পরিবেশবান্ধব ব্যাগ প্রদান করা হচ্ছে, যাতে কোরবানির মাংস স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণ করা যাবে। পাশাপাশি গরু বা মহিষ কোরবানিদাতাদের জন্য ২টি বড় পরিবেশবান্ধব ব্যাগ ও ১ কেজি ব্লিচিং পাউডার এবং ছাগল বা ভেড়া কোরবানিদাতাদের জন্য ১টি পরিবেশবান্ধব ব্যাগ ও ৫০০ গ্রাম ব্লিচিং পাউডার প্রদান করা হবে।
পরিবেশবান্ধব এসব ব্যাগ পচনশীল, যা মাটির সঙ্গে মিশে যাবে। প্রথমবারের মতো আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। ভবিষ্যতে রাজশাহীকে পলিথিনমুক্ত নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
রাসিক প্রশাসক বলেন, ‘‘প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী ১২ ঘন্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা ১০ থেকে ১২ ঘন্টার মধ্যে কোরবানির সকল বর্জ্য অপসারণ করতে সফল হবো ইনশাআল্লাহ। সকলের সহযোগিতায় ঈদের পরদিনই রাজশাহী নগরবাসী পরিচ্ছন্ন নগরী পাবেন।
নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, “কোরবানি পরবর্তী বর্জ্য দ্রুত অপসারণ করে রাজশাহী মহানগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন, দুর্গন্ধমুক্ত ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার পবিত্র দায়িত্ব।
ড্রেনের উপর পশু জবেহ ও ড্রেনে রক্ত ও বর্জ ফেলা থেকে বিরত থাকুন।
কোরবানির বর্জ্য যত্রতত্র না ফেলে রাসিক প্রদত্ত ব্যাগে ভরে নির্ধারিত স্থানে রাখতে হবে, যা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা সংগ্রহ করবে।  পশুর রক্ত ও বর্জ্য অপসারণের পর পর্যাপ্ত পরিমাণে ব্লিচিং পাউডার ছিটিয়ে রাখুন।
রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার বলেন, সারাদেশের মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশন প্রথমবারের মতো এই উদ্যোগ গ্রহণ করেছে। এটি রাসিক প্রশাসক মহোদয়ের ইনোভেটিভ উদ্যোগ।
এ সময় রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র  সহ-সভাপতি মো. নজরুল হুদা, সহ-সভাপতি জয়নাল আবেদীন শিবলী, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু, মহানগর ছাত্রদলের আহবায়ক রাকিন রায়হান রবিন, সদস্য সচিব এমদাদুল হক লেমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির সহ সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন