ফরিদপুর শহরের রথখোলা পতিতাপল্লীতে এক তরুণীকে বিক্রির চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পুলিশ জানায়, বগুড়ার শারিয়াকান্দি উপজেলার বাসিন্দা ১৯ বছর বয়সী এক তরুণী ঢাকার ধামরাই এলাকায় মায়ের সঙ্গে বসবাস করে গার্মেন্টসে চাকরি করতেন। সেই সুবাদে অভিযুক্ত মনির শেখ, আলম ফকির ও মুন্নির সঙ্গে তার পরিচয় হয়।অভিযোগ রয়েছে , বিয়ে ও ভালো চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীকে ফরিদপুরে নিয়ে আসা হয় কয়েকদিন একটি ভাড়া বাসায় রাখার পর গত ২১ মে সকালে তাকে রথখোলা পতিতাপল্লীতে নেওয়া হয়।সেখানে পৌঁছে তরুণী বুঝতে পারেন তাকে বিক্রির চেষ্টা চলছে। পরে তিনি বাধা দিলে অভিযুক্তরা জোরপূর্বক ভিতরে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তিনি চিৎকার করে পালিয়ে পাশের একটি দোকানে আশ্রয় নেন।স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তিন অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেয়। পরে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণীকে উদ্ধার ও অভিযুক্তদের থানায় নিয়ে যায়।এ ঘটনায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ, ২০২৬ এর বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। আরও দুই অভিযুক্ত বর্তমানে পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ বলছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




