পিরোজপুর সদরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১, ৪ মাসের কারাদণ্ড

 পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবন ও সংরক্ষণের অভিযোগে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
জানা গেছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম-এর সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক বাপন সেন কর্তৃক গঠিত রেইডিং টিম বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আল আমীন-এর নেতৃত্বে পিরোজপুর সদর থানাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে মো. জুয়েল শেখ (৩৫)-কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তিনি পিরোজপুর সদর উপজেলার মাছিমপুর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর পিতার নাম মো. ইউসুফ শেখ।
পরবর্তীতে ঘটনাস্থলেই পরিচালিত মোবাইল কোর্টে একটি মামলা রুজু করে আসামিকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। রায় কার্যকর করতে তাকে পিরোজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন