সাভার-আশুলিয়ায় পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

রাজধানীর সাভার ও আশুলিয়া এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে ১৬০ পিস ইয়াবা ও ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি (উত্তর)। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
শুক্রবার রাতে পরিচালিত এসব অভিযানে উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ৬০ হাজার টাকা।
ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভিন এর নির্দেশনা ও ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম এর নেতৃত্বে অভিযানগুলো পরিচালিত হয়।
প্রথম অভিযানে এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব সঙ্গীয় ফোর্সসহ ৭ আগস্ট বিকেল সাড়ে ৫টায় সাভার মডেল থানার সিএন্ডবি তিন রাস্তার মোড় থেকে ৫০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন- নরসিংদীর রায়পুরার মোঃ রাসেল (২৮) ও খুলনার দৌলতপুরের নেলচন প্রতীক (৩৮)। উভয়েই সাভারে ভাড়া বাসায় থাকতেন। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
দ্বিতীয় অভিযানে এসআই (নিঃ) আরিফুল ইসলাম রাত সাড়ে ১০টায় আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে ১০ পিস ইয়াবাসহ আরও দুইজনকে আটক করেন। তারা হলেন- গাজীপুরের কাশিমপুরের মোঃ নাদিম হোসেন দিপু (৩৮) ও গোপালগঞ্জের কাশিয়ানীর মোঃ হাবিব মোল্লা (৩০)। উদ্ধারকৃত ইয়াবার ওজন ১ গ্রাম। পুলিশ জানায়, নাদিম হোসেন দিপুর বিরুদ্ধে আগে থেকেই ৯টি মাদক মামলা রয়েছে।
তৃতীয় অভিযানে এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান একই সময়ে সাভারের হিন্দু ভার্কুতা এলাকা থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নিমাই চন্দ্র মন্তু (২৪) কে গ্রেফতার করেন। তার বাড়ি লালমনিরহাট সদরে।
ডিবি (উত্তর) এর ওসি সাইদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল ও আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
মাদক নির্মূলে ঢাকা জেলা পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন