মাগুরা শ্রীপুরের চন্ডীখালীতে ভিলেজ ডিফেন্স পার্টি গঠন উদ্বোধন করলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ

“জাগো জাগো জাগো, গড়বো সোনার দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের চন্ডীখালী গ্রামে সামাজিক দ্বন্দ্ব নিরসন ও গ্রাম্য শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভিলেজ ডিফেন্স পার্টি গঠন করা হয়েছে।
রোববার রাত ১টার দিকে চন্ডীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিলেজ ডিফেন্স পার্টির কার্যক্রমের উদ্বোধন করেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।
গয়েশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মাগুরা জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার থান্ডার খাইরুল ইসলাম, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, মোহাম্মদ আলমগীর হোসেন, শ্রীপুর থানার ওসি ওলি মিয়া, ভিলেজ ডিফেন্স পার্টির সভাপতি আখেরুজ্জামান, গ্রাম্য মাতবর সিরাজুল ইসলাম, সনৎ কুমার বিশ্বাস ও ইদ্রিস আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, গ্রামীণ জনপদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুরি, ডাকাতি, দস্যুতা, সামাজিক সহিংসতা, মাদক ও জুয়া প্রতিরোধে ভিলেজ ডিফেন্স পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি বলেন, গ্রামের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ভিলেজ ডিফেন্স পার্টি কাজ করবে। সামাজিক হানাহানি ও দ্বন্দ্ব-সংঘাত পরিহার করে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর ও উন্নত সমাজ গড়ে তুলতে হবে। আইন নিজের হাতে তুলে না নিয়ে যেকোনো সমস্যা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।
পুলিশ সুপার আরও বলেন, একটি গ্রামের উৎপাদিত ফসল দেশের ও জাতির সম্পদ। তাই হিংসা, বিভেদ ও সামাজিক বিরোধ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পুলিশকে সহযোগিতা করে গ্রামে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে।
চন্ডীখালী গ্রামে গঠিত ভিলেজ ডিফেন্স পার্টি পাঁচটি গ্রুপে বিভক্ত হয়ে দায়িত্ব পালন করবে বলে জানানো হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন