ইউএনও অপসারণ দাবিতে দুমকিতে মানববন্ধন

পটুয়াখালীর দুমকিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নিয়ে ইউএনওর বিরুদ্ধে স্লোগান দেন এবং দ্রুত অপসারণের দাবি জানান। মাদক নিয়ন্ত্রণে ব্যর্থতা, ফ্যামিলি কার্ড শুমারির তালিকায় অনিয়ম ও পক্ষপাতিত্ব এবং দায়িত্বে অবহেলার অভিযোগ তোলা হয়।

বক্তারা বলেন, মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেই। ফ্যামিলি কার্ডের তালিকা প্রণয়নে বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, ফলে প্রকৃত উপকারভোগীরা বঞ্চিত হচ্ছেন। এসব কারণে ইউএনওর প্রতি সাধারণ মানুষের আস্থা কমে গেছে বলেও তারা দাবি করেন।

মানববন্ধনে বক্তব্য দেন মোসা. স্বর্ণা আক্তার, মো. আমিনুল ইসলাম, মো. মাহাবুব খলিফা, আ. রহমান ও মো. নাজেম সরদার প্রমুখ। তারা দ্রুত ইউএনও অপসারণ করে নিরপেক্ষ ও জনবান্ধব প্রশাসন নিশ্চিতের দাবি জানান।

তবে অভিযোগ অস্বীকার করে ইউএনও আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী বলেন, মেধার ভিত্তিতেই ফ্যামিলি কার্ডের তালিকা করা হয়েছে। কোনো অনৈতিক সুবিধা বা সুপারিশ রক্ষা করা হয়নি বলেই এসব অভিযোগ উঠছে। তিনি আরও বলেন, ইউএনওর পাশাপাশি এসিল্যান্ডের অতিরিক্ত দায়িত্ব ও নিয়মিত সভার ব্যস্ততায় দাপ্তরিক কাজে চাপ থাকে, ফলে অনেক সময় সেবাপ্রার্থীদের সঙ্গে দেখা করা সম্ভব হয় না।

মানববন্ধনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে ইউএনও অপসারণ না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন