
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার ওসি নূরে আলমের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতার সঙ্গে বৈঠকের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে ওসিকে প্রত্যাহারসহ ব্যবস্থা নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিএনপি।
রোববার বেলা সাড়ে ১১টায় গোমস্তাপুর বাজারে সদর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিএনপি নেতারা অভিযোগ করেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। সম্প্রতি নুহু স্ট্যান্ডে মাদকবিরোধী উঠান বৈঠকে ওসির পাশে উপজেলা যুবলীগের সহসভাপতি জান্নাতুল ফেরদৌস মধুকে বসে থাকতে দেখা যায় বলেও অভিযোগ করেন তারা।
বিএনপি নেতারা ঘটনার নিন্দা জানিয়ে ওসি নূরে আলমকে প্রত্যাহারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চৌডালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোন্তাজ আলী, বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রানা, রাধানগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল রশিদ, সাবেক ছাত্রনেতা সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ ও গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মার্জুক আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা।
অভিযোগ অস্বীকার করে ওসি নূরে আলম বলেন, চেয়ার ফাঁকা থাকায় মধুকে সেখানে বসানো হয়েছিল। তিনি যুবলীগের নেতা কি না, তা তাঁর জানা ছিল না। নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে নিয়মিত আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।




