
চুয়াডাঙ্গার জীবননগরে কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অন্য উপজেলায় বিক্রির চেষ্টার অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিক্রির উদ্দেশ্যে রাখা ৩০ বস্তা সার জব্দ করে উপজেলা কৃষি অফিসের হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জীবননগর পৌর এলাকার কৃষকদের জন্য বরাদ্দকৃত সার মহেশপুর উপজেলায় বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা সারগুলো আটকে দেন এবং প্রশাসনকে খবর দেন। পরে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ৩০ বস্তা সার জব্দ করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অন্যত্র বিক্রির চেষ্টার অভিযোগে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান।
জব্দ করা সার বর্তমানে উপজেলা কৃষি অফিসের হেফাজতে রয়েছে। উপজেলা কৃষি অফিস জানিয়েছে, নিয়ম অনুযায়ী এসব সার কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করা হবে।
জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, কৃষকদের জন্য বরাদ্দ করা সার যাতে কোনোভাবেই অন্যত্র চলে যেতে না পারে, সে বিষয়ে কৃষি বিভাগ নজরদারি করছে। জব্দ করা সার কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করা হবে।
কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি বরাদ্দের সার নির্ধারিত নিয়মে কৃষকদের মধ্যে বিতরণ নিশ্চিত করতে বাজার ও সার ব্যবসায়ীদের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। বরাদ্দকৃত সার অবৈধভাবে অন্যত্র বিক্রি, মজুত কিংবা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয় কৃষকরা প্রশাসনের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন। তাদের দাবি, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার যেন নির্ধারিত মূল্যে প্রকৃত কৃষকদের কাছে পৌঁছে, তা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রাখা প্রয়োজন।




