
উপকূলীয় বাগেরহাটের মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলায় নিরাপদ পানির সংকট নিরসন, জনসচেতনতা বৃদ্ধি এবং টেকসই বেরিবাধ ব্যবস্থাপনার দাবিতে নাগরিক সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ২৪ আগস্ট ২০২৬ তারিখে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, এনজিওকর্মী, কমিউনিটি নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ অংশ নেন।
জাগরণী চক্র ফাউন্ডেশনের সৃজন প্রকল্পের উদ্যোগে আয়োজিত কর্মসূচির মূল লক্ষ্য ছিল উপকূলীয় জনপদের মানুষের সুপেয় ও নিরাপদ পানির সংকটের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো।
সমাবেশে বক্তারা বলেন, মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলার মানুষের নিরাপদ পানির চাহিদা দিন দিন বাড়লেও লবণাক্ততা, জলাবদ্ধতা, নদীভাঙন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে পানির উৎসগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে অনেক মানুষকে প্রতিদিন দূর-দূরান্ত থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন নারী, শিশু ও দরিদ্র পরিবারের সদস্যরা।
বক্তারা আরও বলেন, উপকূলীয় এলাকায় নিরাপদ পানির সংকট শুধু স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে না; এর ফলে নারীদের অতিরিক্ত শ্রম ও সময় ব্যয় হচ্ছে এবং শিশুদের শিক্ষা ও স্বাভাবিক জীবনযাপনও বাধাগ্রস্ত হচ্ছে। তাই নিরাপদ পানি নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের পাশাপাশি দীর্ঘমেয়াদি ও টেকসই পানি ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণ জরুরি।
সমাবেশ থেকে অংশগ্রহণকারীরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—ব্যক্তিগত ও কমিউনিটি পর্যায়ে পর্যাপ্ত রেইনওয়াটার হার্ভেস্টিং সিস্টেম স্থাপন ও সম্প্রসারণ, সরকারি পুকুর ও জলাধার নিয়মিত খনন-পুনঃখনন এবং সঠিক রক্ষণাবেক্ষণ, বন্যা ও লবণাক্ততা প্রতিরোধে বাঁধসমূহ দ্রুত সংস্কার ও মেরামত, অকেজো পিএসএফ ও অন্যান্য পানির অবকাঠামো জরুরি ভিত্তিতে সংস্কার, উপজেলা পর্যায়ে পানির মান পরীক্ষার সুবিধা বৃদ্ধি এবং নিয়মিতভাবে পানির মান পরীক্ষা করা।
এছাড়া ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি-ভিত্তিক পানি ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন ও সক্রিয়করণ, সুপেয় পানি সংগ্রহে নারী ও শিশুর অতিরিক্ত শ্রম ও কষ্ট কমাতে প্রয়োজনীয় সহায়ক উদ্যোগ গ্রহণ, সরকারি ও বেসরকারি সহযোগিতায় সমন্বিত পানি সংকট নিরসন কর্মপরিকল্পনা প্রণয়ন এবং উপকূলীয় এলাকায় দীর্ঘমেয়াদি ও জলবায়ু-সহনশীল পানি ব্যবস্থাপনা উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়।
পদযাত্রা ও নাগরিক সমাবেশে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম, মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব হাবিবুল্লাহ , প্রকল্প ব্যবস্থাপক জনাব আব্দুল মান্নান, মোড়লগঞ্জের ইউনিট ম্যানেজার জনাব জিল্লুর রহমান, শরণখোলা ইউনিট ম্যানেজার ফয়সাল আহাম্মেদ সহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি, যুব সমাজ, কমিউনিটি নেতৃবৃন্দ, সাধারণ জনগণ ও বিপুলসংখ্যক নারী অংশগ্রহণ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, উপকূলীয় মানুষের নিরাপদ পানির অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত এ ধরনের সচেতনতামূলক ও জনসম্পৃক্ত কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে নিরাপদ পানি সংকট নিরসনে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল জাগরণী চক্র ফাউন্ডেশন—সৃজন প্রকল্প।




