
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শিক্ষা ও কারিগরি খাতে চীনের সঙ্গে সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন। দেশের জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
মন্ত্রণালয়ের অফিসকক্ষে আজ সোমবার বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শিক্ষামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে চীনা প্রতিনিধিদল শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। এ সময় মন্ত্রী বাংলাদেশের শিক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের অব্যাহত সহযোগিতার জন্য দেশটির সরকারকে ধন্যবাদ জানান।
মন্ত্রী বলেন, দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা গেলে বাংলাদেশকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব। এ লক্ষ্যেই সরকার টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন বা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে কাজ করছে। বর্তমান প্রজন্মকে দক্ষ ও বৈশ্বিক মানের মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে চীনের সঙ্গে যৌথভাবে শিক্ষা ও কারিগরি খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে।
বৈঠকে দুই দেশের মধ্যে শিক্ষার মানোন্নয়ন এবং কারিগরি শিক্ষার প্রসারে ভবিষ্যতে আরও নিবিড়ভাবে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।



