
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে দরুদ পাঠ, আলোচনা ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়ার আলাউদ্দিন আহমেদ পল্লীপার্ক লিমিটেডের অডিটোরিয়াম হলে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন মাদ্রাসার প্রায় ২০০০ জনের উপরে শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ, মানবতা, শান্তি, সহমর্মিতা ও সম্প্রীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি দরুদ পাঠ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
আয়োজক আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশন জানায়, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শের শিক্ষা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং সমাজে মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতা বৃদ্ধি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানের মানবিক কার্যক্রমের অংশ হিসেবে একটি বৃদ্ধাশ্রমে খাবার পাঠানো হয়। এর মাধ্যমে প্রবীণ ও অসহায় মানুষের প্রতি দায়িত্ববোধ, ভালোবাসা ও সহমর্মিতার বার্তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, আলেম-ওলামা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং সকল মানুষের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ বিষয়ে আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের সিনিয়র ম্যানেজার মোঃ মোর্শেদ আলম বলেন, “মহানবী (সা.)-এর আদর্শ শুধু ধর্মীয় জীবনের জন্য নয়, বরং মানবিক ও সুন্দর সমাজ গঠনের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে আমরা একটি মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখতে চাই।





