
খুলনার কয়রায় তক্ষক কেনাবেচার নামে কোটি টাকা লাভের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি কথিত প্রতারক চক্রের বিরুদ্ধে। হোয়াটসঅ্যাপে তক্ষকের ছবি ও ভিডিও দেখিয়ে বিশ্বাস অর্জনের পর পরীক্ষা, পরিবহন, নিবন্ধন, নিরাপত্তা জামানত ও কমিশনের কথা বলে ধাপে ধাপে টাকা নেওয়া হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
অভিযোগে কয়রা সদর ইউনিয়নের মৃত আমির ঢালীর ছেলে আকবর হোসেন ও রবিউল গাজীর ছেলে আমিরুল ইসলামের নাম এসেছে। এ ছাড়া মহারাজপুর ইউনিয়নের দেয়াড়া গ্রামের কামরুল ইসলামের নামও উল্লেখ করেছেন এক ভুক্তভোগী। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ছাড়া এসব অভিযোগের পূর্ণাঙ্গ সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
অনুসন্ধানে জানা গেছে, প্রথমে হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন মাধ্যমে তক্ষকের ছবি ও ভিডিও দেখিয়ে সম্ভাব্য ক্রেতা বা বিনিয়োগকারীর আস্থা অর্জনের চেষ্টা করা হয়। নির্দিষ্ট ওজন, দৈর্ঘ্য ও বয়সের তক্ষক পাওয়া গেলে দেশি-বিদেশি ক্রেতারা কোটি টাকা দেবেন—এমন প্রলোভন দেওয়া হয়।
বিশ্বাসযোগ্যতা তৈরির জন্য মোবাইল ফোনে তক্ষকের কথিত দৈর্ঘ্য ও ওজন পরিমাপের ভিডিও, বিদেশি ক্রেতার পরিচয় এবং অস্বাভাবিক মূল্যসংবলিত তালিকা দেখানো হয়। এরপর তক্ষক পরীক্ষা, ক্রেতার সঙ্গে যোগাযোগ, পরিবহন, রাসায়নিক পরীক্ষা, নিবন্ধন, নিরাপত্তা জামানত ও কমিশনের নামে বিভিন্ন ধাপে অর্থ চাওয়া হয় বলে ভুক্তভোগীদের অভিযোগ।
তাঁদের ভাষ্য, মোটা অঙ্কের লাভের আশায় কেউ ঋণ করেছেন, কেউ গবাদিপশু কিংবা মূল্যবান সম্পদ বিক্রি করে কথিত ব্যবসায় টাকা দিয়েছেন। কিন্তু টাকা দেওয়ার পর তক্ষক বা কথিত ক্রেতা—কোনোটিরই দেখা মেলেনি। ফেরত পাওয়া যায়নি দেওয়া অর্থও।
অনুসন্ধানে পাওয়া একটি ভিডিওতে দেখা যায়, জীবন্ত তক্ষক সরাসরি দেখানোর পরিবর্তে একজন ব্যক্তি মোবাইল ফোনের পর্দায় একটি প্রাণীর ছবি ও ভিডিও দেখাচ্ছেন। সেখানে প্রাণীটির দৈর্ঘ্য পরিমাপ এবং ডিজিটাল যন্ত্রে ওজন প্রদর্শনের দৃশ্য রয়েছে।
এক ভুক্তভোগীর দাবি, ভিডিওটি তিনি আমিরুল ইসলাম ও আকবর হোসেনের কাছে প্রথম দেখেন এবং পরবর্তী সময়ে তাঁদের কাছ থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পান। তবে ভিডিওটি কোথায় ও কখন ধারণ করা হয়েছে, প্রাণীটি কার কাছে ছিল এবং সেটি বর্তমানে কোথায়—এসব বিষয়ে স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য পাওয়া যায়নি।
ভুক্তভোগীদের অভিযোগ, টাকা নেওয়ার পর কখনো বলা হয় তক্ষকের ওজন বা দৈর্ঘ্য নির্ধারিত মানের নয়। কখনো জানানো হয়, বিদেশি ক্রেতা দেশে নেই। আবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের ভয় দেখিয়ে লেনদেন স্থগিত করা হয়। একপর্যায়ে কথিত ক্রেতা ও মধ্যস্থতাকারীরা যোগাযোগ বন্ধ করে দেন।
ভুক্তভোগী ও স্থানীয়দের দাবি, তক্ষকের অস্বাভাবিক উচ্চমূল্যের প্রলোভন দেখানো, ছবি-ভিডিও প্রদর্শন, কথিত ক্রেতার সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার আশ্বাস এবং টাকা সংগ্রহে অভিযুক্ত ব্যক্তিদের ভূমিকা রয়েছে।
অভিযোগের বিষয়ে আকবর হোসেনের কাছে জানতে চাইলে তিনি অর্থ লেনদেনের অভিযোগ সম্পর্কে কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দেননি। বরং তিনি বলেন, “আমি তক্ষক সাপের অবৈধ ব্যবসা করি—এটা কয়রার সবাই জানে, আপনি জানেন না? নিউজ করে আমার কী করবেন?” তাঁর এ বক্তব্যের অডিও রেকর্ড প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে।
তবে প্রচলিতভাবে অনেকে তক্ষককে ‘সাপ’ বললেও এটি মূলত গেকো বা গিরগিটিজাতীয় একটি সরীসৃপ। আকবর হোসেনের এমন বক্তব্যের পর কথিত তক্ষক ব্যবসার পরিধি, প্রাণীটির উৎস, সম্ভাব্য অর্থ লেনদেন এবং এর সঙ্গে আর কারা জড়িত—তা নিয়ে প্রশ্ন উঠেছে।
অভিযোগের বিষয়ে আমিরুল ইসলাম ও কামরুল ইসলামের বক্তব্য জানতে তাঁদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তাঁরা ফোন না ধরায় বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের অভিযোগ, চক্রটির সদস্যরা সাধারণত অপরিচিত ব্যক্তির সঙ্গে সরাসরি যোগাযোগ না করে পরিচিত ব্যক্তি বা মধ্যস্থতাকারী ব্যবহার করেন। প্রথমে অল্প বিনিয়োগে বড় লাভের গল্প শুনিয়ে আস্থা তৈরি করা হয়। পরে বিদেশি ক্রেতা প্রস্তুত রয়েছেন—এমন আশ্বাস দিয়ে বড় অঙ্কের অর্থ দিতে উৎসাহিত করা হয়।
কথিত তক্ষক ও অন্যান্য মূল্যবান বস্তু কেনাবেচার সঙ্গে যুক্ত ব্যক্তিরা স্থানীয় কিছু প্রভাবশালীর পরিচয় ব্যবহার করেন বলেও অভিযোগ রয়েছে। টাকা ফেরত চাইলে ওই প্রভাবশালীদের নাম উল্লেখ করে চাপ ও ভয়ভীতি দেখানো হয় বলে ভুক্তভোগীরা দাবি করেছেন। তবে এসব দাবির সমর্থনে সংশ্লিষ্ট প্রভাবশালীদের পরিচয় বা প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি।
অবৈধ বন্যপ্রাণী কেনাবেচায় জড়িয়ে নিজেরাও আইনি ঝুঁকিতে পড়তে পারেন—এমন আশঙ্কা এবং লোকলজ্জার কারণে অনেক ভুক্তভোগী থানায় অভিযোগ করতে চান না। স্থানীয় সচেতন নাগরিকদের মতে, এই নীরবতার সুযোগেই কথিত প্রতারকেরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন।
পরিবেশ ও বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, তক্ষক পরিবেশের জন্য উপকারী একটি বন্যপ্রাণী। এটি বিভিন্ন পোকামাকড় খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে। তক্ষকের অঙ্গপ্রত্যঙ্গ দিয়ে দুরারোগ্য রোগের ওষুধ তৈরি হয় কিংবা প্রাণীটির মূল্য কোটি টাকা—এমন প্রচারণার গ্রহণযোগ্য বৈজ্ঞানিক ভিত্তি নেই। এ ধরনের গুজব বন্যপ্রাণী পাচারের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার সুযোগ তৈরি করে।
বাংলাদেশের প্রচলিত বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সংরক্ষিত বন্যপ্রাণী ধরা, আটকে রাখা, পরিবহন ও কেনাবেচা দণ্ডনীয় অপরাধ। ফলে তক্ষক কেনাবেচার প্রলোভনে অর্থ দিয়ে প্রতারণার শিকার হওয়ার পাশাপাশি এ ধরনের লেনদেনে অংশগ্রহণকারীরাও আইনি ঝুঁকিতে পড়তে পারেন।
কয়রা থানার পুলিশ পরিদর্শক মো. রাসেদুল আলম বাংলানিউজকে বলেন, “সুনির্দিষ্ট অভিযোগ ও লেনদেনের প্রমাণ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কথিত তক্ষক ব্যবসার প্রলোভনে কাউকে টাকা না দেওয়ার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।”
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এ জেড এম হাসানুর রহমান বলেন, “তক্ষক সংরক্ষিত বন্যপ্রাণী। এটি ধরা, আটকে রাখা বা কেনাবেচার সুযোগ নেই। এ ধরনের কোনো তথ্য পাওয়া গেলে বন বিভাগ কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।”
স্থানীয় সচেতন নাগরিকদের দাবি, কয়রায় কারা তক্ষক বাণিজ্যের নামে মানুষকে প্রলোভন দেখাচ্ছেন, কোন ব্যাংক বা মোবাইল আর্থিক সেবা হিসাবে টাকা নেওয়া হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কারা ছবি-ভিডিও ছড়িয়ে দিচ্ছেন—তা তদন্ত করা প্রয়োজন।
তাঁদের মতে, অভিযুক্ত ব্যক্তিদের মোবাইল যোগাযোগ, ব্যাংক ও মোবাইল আর্থিক সেবা হিসাবের লেনদেন এবং প্রচারিত ছবি-ভিডিও পরীক্ষা করলে কথিত চক্রটির প্রকৃত পরিধি ও অর্থের গতিপথ বেরিয়ে আসতে পারে। একই সঙ্গে ভুক্তভোগীদের পরিচয় ও নিরাপত্তা নিশ্চিত করে অভিযোগ গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।
সংশ্লিষ্টরা কথিত তক্ষকের ছবি বা ভিডিও দেখে বিশ্বাস না করতে এবং কাউকে অগ্রিম অর্থ না দিতে পরামর্শ দিয়েছেন। কেউ ইতোমধ্যে টাকা দিয়ে থাকলে সংশ্লিষ্ট মোবাইল নম্বর, কললগ, কথোপকথনের রেকর্ড, বার্তা, লেনদেনের রসিদ এবং ব্যাংক বা মোবাইল আর্থিক সেবা হিসাবের তথ্য সংরক্ষণ করে থানায় লিখিত অভিযোগ করার আহ্বান জানিয়েছেন।



