
জুলাই অভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে দেশের টানে রাজপথে বুক পেতে দিয়েছিলেন চট্টগ্রামের বোয়ালখালীর সন্তান মোহিত হোসেন। স্বৈরাচার পতনের সেই আন্দোলনে পুলিশের গুলিতে ও সাউন্ড গ্রেনেডের আঘাতে গুরুতর আহত হন তিনি। কিন্তু বিজয়ের আনন্দ ম্লান হয়ে গেছে মোহিতের জীবনে। মাথায় গুলি ও শরীরে বয়ে চলা অসহ্য যন্ত্রণা আর সুচিকিৎসার অভাবে বর্তমানে এক গভীর নীরব কান্নায় দিন কাটছে ।
খোঁজ নিয়ে জানা গেছে, মোহিত হোসেন বোয়ালখালী উপজেলার একটি সাধারণ পরিবারের সন্তান। দেশের পরিবর্তনের আশায় ২৪ এর ছাত্র-জনতার আন্দোলনে সামনের সারিতে অংশ নেন তিনি। আন্দোলনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জ, গুলি এবং মুহুর্মুহু সাউন্ড গ্রেনেডের শব্দে মারাত্মকভাবে জখম হন মোহিত। তার মাথা ও শরীরে রয়েছে এখনো ৩ টা বুলেট। শরীরের বিভিন্ন অংশে রয়েছে স্প্লিন্টারের আঘাত।
আহত হওয়ার পর কিছুদিন স্থানীয়ভাবে চিকিৎসা চললেও উন্নত চিকিৎসার অভাবে তার শারীরিক অবস্থার ক্রমান্বয় অবনতি ঘটছে। অর্থের অভাবে রাজধানীর বা দেশের বাইরে নিয়ে উন্নত চিকিৎসা করানো তো দূরের কথা, নিয়মিত ওষুধ কেনাও তার দরিদ্র পরিবারের পক্ষে কষ্টসাধ্য হয়ে পড়েছে। শরীরে প্রতিনিয়ত বয়ে চলা তীব্র ব্যথার কারণে স্বাভাবিক চলাফেরা করতে পারছেন না তিনি।
আমরা জানতে পারি যে,মোহিত গত কয়েকদিন আগে আন্দরকিল্লা মসজিদে যোহর নামাজ পড়া অবস্থায় মাথা ঘুরে পড়ে যায়।প্রথমে জেনারেল হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
বিজয়ের মাসগুলোতে যেখানে আহতদের পুনর্বাসন ও সুচিকিৎসার কথা বলা হচ্ছে, সেখানে মোহিতের ঘরের কোণায় বয়ে চলা এই নীরব কান্না যেন রাষ্ট্র ও সমাজের বিবেকের কাছে এক প্রশ্নবিদ্ধ দৃশ্য।
তার পরিবার ও স্থানীয় সহযোদ্ধারা বলেন,
দীর্ঘদিন যাবৎ তার মাথায় থাকা বুলেটের কারণে রক্তনালী বন্ধ হয়ে আছে এবং শরীর ও চোখের সমস্যা দেখা দিয়েছে এবং এর চিকিৎসাও ব্যবহুল। কেউ তার চিকিৎসার খরচ খোঁজখবর নেওয়ার প্রয়োজন মনে করছে না।
মোহিতের পরিবারের আকুতি, তাদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি যদি সঠিক চিকিৎসা পান, তবে হয়তো তিনি আবার সুস্থ জীবনে ফিরতে পারবেন। অন্যথায় শরীরে বাসা বাঁধা এই জখম তাকে চিরতরে পঙ্গু করে দিতে পারে।
সেই সাথে তার পরিবার ও সহযোদ্ধারা তার সুচিকিৎসার জন্য সরকারের প্রতি আহ্বান ও জোর দাবি জানিয়েছেন।



