চরভদ্রাসনে দুর্গম পদ্মা চরাঞ্চলে জামায়াতের গণসংযোগ ও আনন্দ ভ্রমণ

গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদী পাড়ি দিয়ে দুর্গম চরাঞ্চলে আনন্দ ভ্রমণ মতবিনিময় ও গণ সংযোগ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চরভদ্রাসন উপজেলা শাখা। কর্মসূচিতে দলটির স্থানীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সম্প্রতি আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনে জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা ও দ্বিতীয় স্থান অর্জনকারী মাওলানা সরোয়ার হোসেন, ভাঙ্গা উপজেলা জামায়াতের আমির; ফরিদপুর জেলা ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান; ডাকসুর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খান মোহাম্মদ জসিম; চরভদ্রাসন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ সোলায়মান; উপজেলা জামায়াতের সেক্রেটারি কাওসার খান; উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারি আতিকুর রহমান; উপজেলা বায়তুলমাল সেক্রেটারি আমির হোসেন এবং গাজীরটেক ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মুজাহিদসহ স্থানীয় নেতাকর্মীরা।
এ ছাড়া কর্মসূচিতে বাবু, মাওলানা এনামুল, মহাব্বত, আবুল কালাম, আনোয়ার হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আনন্দ ভ্রমণ ও গণসংযোগ কর্মসূচিতে বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় রাজনীতিতে ইতিবাচক ভূমিকা পালনের চেষ্টা করে আসছে। সংগঠনের দাওয়াত ও কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সেপ্টেম্বর মাসজুড়ে দেশব্যাপী গণসংযোগ কর্মসূচি পালন করা হচ্ছে বলে তারা জানান।
বক্তারা আরও বলেন, এ কর্মসূচির উদ্দেশ্য শুধু সাংগঠনিক কার্যক্রম পরিচালনা নয়; বরং সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের কথা শোনা, সমস্যা ও প্রয়োজন সম্পর্কে জানা এবং ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে মানুষকে সম্পৃক্ত করা।
এ সময় জামায়াতে ইসলামীর সংগঠন, কর্মনীতি, দাওয়াতি কার্যক্রম, ইসলামী জ্ঞান ও চরিত্র গঠন, সংগঠন ও প্রশিক্ষণ, সমাজ সংস্কার ও সেবামূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন নেতারা। ইসলামী জ্ঞান অর্জন, পবিত্র কোরআন ও হাদিস অধ্যয়ন এবং ব্যক্তি ও সামাজিক জীবনে নৈতিকতা চর্চার ওপরও গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, মানুষের মধ্যে ঐক্য, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গঠনের লক্ষ্যে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
কর্মসূচির অংশ হিসেবে মধ্যাহ্নভোজের আগে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে নেতাকর্মী ও অংশগ্রহণকারীরা মধ্যাহ্নভোজে অংশ নেন। এর মধ্য দিয়ে আনন্দ ভ্রমণ ও গণসংযোগ কর্মসূচির সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন