গাইবান্ধায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার

গাইবান্ধা সদর উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের শিবপুর সড়কে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
এসআরবি-১৩ সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-৩, এসআরবি-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল সাহাপাড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের সারের গোডাউনের পাশে শিবপুর সড়কের একটি কালভার্টের নিচে তল্লাশি চালায়।
এ সময় একটি সাদা রঙের প্লাস্টিকের কাটা বস্তার ভেতর লাল রঙের শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় লোহার তৈরি একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
পরে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৩ জানিয়েছে, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে তাদের গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন