
কৃষি ঋণ বিতরণের সময় কৃষকদের কোনো ধরনের হয়রানি না করার নির্দেশ দিয়েছেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। তিনি স্পষ্ট করে বলেছেন, বর্তমান সরকারের নির্ধারিত কৃষি ঋণ সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে প্রকৃত কৃষকদের মাঝে বিতরণ করতে হবে। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রাখতে কৃষকদের অবদান ও ভূমিকা অনস্বীকার্য।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলায় কার্যক্রম পরিচালনাকারী বিভিন্ন ব্যাংক ও ঋণদানকারী এনজিওর প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত মাসিক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক জানান, সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছে এবং কৃষকদের জন্য আলাদা ‘কৃষক কার্ড’-এর ব্যবস্থা করা হচ্ছে। এটি প্রমাণ করে যে সরকার কৃষকদের কল্যাণে অত্যন্ত আন্তরিক। তাই প্রতিটি আর্থিক প্রতিষ্ঠানকে সরকারের এই মহতী উদ্যোগের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। কারণ কৃষকদের পৃষ্ঠপোষকতা দেওয়া মানেই দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া। তবে কোনো ধরনের প্রতারণা বা জালিয়াতির মাধ্যমে যাতে অন্য কেউ এই কৃষি ঋণ হাতিয়ে নিতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংক ও কর্মকর্তাদের কঠোরভাবে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
সভায় জেলার বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ও এনজিওর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



