
‘ডোন্ট মিস অ্যা বিট, প্রতিটি স্পন্দনই জীবন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ মঙ্গলবার রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহীর সিভিল সার্জন ডা. এস. আই. এম. রাজিউল করিম। উদ্বোধন শেষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ফাউন্ডেশনে এসে শেষ হয়।
পরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুর রহমান।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সহ-সভাপতি আবুল হাসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন প্রতিষ্ঠানটির চিফ কনসালটেন্ট ও প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রইছ উদ্দিন, পরিচালক অধ্যাপক হাবিবুর রহমান এবং যুগ্ম সম্পাদক লিয়াকত আলী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হৃদরোগ প্রতিরোধে সচেতনতাই সবচেয়ে বড় সুরক্ষা। অতিরিক্ত লবণ ও চর্বিযুক্ত খাবার পরিহার করে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি নিয়মিত হাঁটা বা ব্যায়াম করা, ধূমপান থেকে সম্পূর্ণ বিরত থাকা এবং রক্তচাপ, ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রেখে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানোর ওপর তারা বিশেষ গুরুত্বারোপ করেন।



