
ঢাকার দোহারে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে ডা. জালাল উদ্দিন নামের এক চিকিৎসককে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার কুঠির পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জালাল উদ্দিন কুঠির পাড় এলাকার বশির উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ওই গৃহবধূ তার মাকে সাথে নিয়ে লটাখোলা এলাকার আশা ক্লিনিকে চিকিৎসা নিতে যান। অভিযোগ উঠেছে, চিকিৎসা চলাকালে গৃহবধূর মাকে কক্ষের বাইরে পাঠিয়ে দিয়ে ডা. জালাল উদ্দিন গৃহবধূকে শ্লীলতাহানি করেন এবং একপর্যায়ে ধর্ষণের চেষ্টা চালান।
ঘটনাটি জানতে পেরে পরিবারের সদস্যরা ক্ষুব্ধ হয়ে অভিযুক্তের চেম্বার ‘দয়াল মেডিকেলে’ গিয়ে তাকে মারধর করেন। পরবর্তীতে ভুক্তভোগীর মা বাদী হয়ে দোহার থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে বুধবার রাতেই পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
দোহার থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণচেষ্টার মামলায় আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।


