
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ৩১তম আন্তর্জাতিক (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস টুর্নামেন্ট-২০২৬। আজ সোমবার (৫ অক্টোবর) সকাল ৯টায় রাজশাহী টেনিস কমপ্লেক্সে বেলুন-ফেস্টুন উড়িয়ে এবং কেক কেটে এই আন্তর্জাতিক টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন অতিথিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
তিনি বলেন, “আন্তর্জাতিক এ টুর্নামেন্টের মাধ্যমে দেশের তরুণ টেনিস খেলোয়াড়দের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিভা ও দক্ষতা প্রদর্শনের সুযোগ তৈরি হয়েছে। একইসঙ্গে রাজশাহীতে আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের ধারাবাহিকতা আরও সমৃদ্ধ হয়েছে। আমি ৩১তম আন্তর্জাতিক (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস টুর্নামেন্টের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি।”
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এরশাদ ঈশা এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন টুর্নামেন্ট ডিরেক্টর হাসিনুর রহমান টিংকু।
আয়োজকরা জানিয়েছেন, ৫ থেকে ১০ অক্টোবর পর্যন্ত রাজশাহী টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক টুর্নামেন্ট। এতে স্বাগতিক বাংলাদেশসহ দশটি দেশের শতাধিক খেলোয়াড় অংশ নিচ্ছেন। বাংলাদেশ ছাড়াও ভারত, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, হংকং, নেপাল, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের খেলোয়াড়েরা এবারের প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করছেন।



