কর্তৃত্ববাদী নয়, কর্মকর্তাদের সেবক হতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

কর্তৃত্ববাদী নয়, কর্মকর্তাদের সেবক হতে হবে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের সৎ, দক্ষ ও নিরপেক্ষ হতে হবে। সরকার একটি জবাবদিহিমূলক সিভিল সার্ভিস গড়ে তুলছে, যেখানে স্বচ্ছতা, আইনের শাসন ও দুর্নীতি প্রতিরোধ নিশ্চিত করা হবে।

বৃহস্পতিবার শাহবাগে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ১৪৬, ১৪৭ ও ১৪৮তম আইন ও প্রশাসন কোর্সের সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ভোটাররা যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করা মাঠ প্রশাসনের দায়িত্ব। এজন্য সব কর্মকর্তাকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান তিনি।

সরকারের কার্যক্রমের মধ্যে প্রতিমন্ত্রী নারীদের ফ্যামিলি কার্ড, কৃষকদের সহজে উপকরণ ও আর্থিক সুবিধা, সারা দেশে স্বাস্থ্যসেবা এবং খাল খনন কার্যক্রমের কথা উল্লেখ করেন। ঢাকার ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় বঙ্গোপসাগর থেকে পানি সরবরাহের পরিকল্পনা রয়েছে বলেও জানান।

তিনি আরও বলেন, ভ্যাট ও কর আদায় বাড়াতে এনবিআর কাজ করছে। সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে এবং সামর্থ্য অনুযায়ী ভবিষ্যতে আরও সুবিধা বাড়ানোর চেষ্টা থাকবে।

প্রতিমন্ত্রী বলেন, নতুন কর্মকর্তাদের মধ্যে বিশেষায়িত শিক্ষা পটভূমির সংখ্যা বাড়ায় প্রকল্প ব্যবস্থাপনা, স্থানীয় সম্পদ সংগ্রহ ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তিতে দক্ষতা বাড়াতে হবে। সব কর্মকর্তার জন্য ন্যূনতম একটি মৌলিক প্রশিক্ষণ নিশ্চিত করার উদ্যোগও নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, কর্তৃত্ববাদী মনোভাব নয়, পারস্পরিক শ্রদ্ধা ও সমন্বয়ের ভিত্তিতে কাজ করতে হবে এবং জনসাধারণের জন্য অফিসের দরজা সব সময় খোলা রাখতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির রেক্টর (সচিব) ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম। এ ছাড়া কোর্স পরিচালক মো. গোলাম মাওলা, প্রশিক্ষণার্থীবৃন্দ এবং মন্ত্রণালয় ও একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন