রুহিয়ায় ২য় হিফজুল কোরআন ও হুসনে সওত প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার মধুপুর নূরে মদিনা হিফজুল কোরআন মাদ্রাসায় ‘২য় হিফজুল কোরআন ও হুসনে সওত প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ​মারকাযুল হুফফাজ বাংলাদেশ-এর আয়োজনে বুধবার (১৪ অক্টোবর) সকালে এ প্রতিযোগিতা ও প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। ​প্রতিযোগিতায় আশপাশের ৫টি ক্বওমী মাদ্রাসার মোট ৬৫ জন কোমলমতি শিক্ষার্থী তিনটি ক্যাটাগরিতে অংশ নেয়। এতে আয়োজক প্রতিষ্ঠান মধুপুর নূরে মদিনা হিফজুল কোরআন মাদ্রাসার ১৫ জন, সুফিয়া মোতালেব মাদ্রাসা বদেশ্বরীর ১৩ জন, আখাননগর মাদ্রাসার ১৫ জন, পলাশ বাংলা মাদ্রাসার ১৫ জন এবং রাখাল দেবী মাদ্রাসার ৭ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করে।
‎​আয়োজকরা জানান, প্রতিযোগিতাটি মূলত তিনটি ক্যাটাগরিতে বিভক্ত ১০ পারা, ৫ পারা এবং ‘হুসনে সওত’(সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত)। প্রতিটি বিভাগে শিক্ষার্থীরা সুমধুর কণ্ঠে তাদের কোরআন তেলাওয়াত পরিবেশন করে। ​উপজেলা ও থানা পর্যায়ের এই প্রাথমিক বাছাই পর্বে উত্তীর্ণ ১ম থেকে ১০ম স্থান অর্জনকারী প্রতিযোগীদের ‘ইয়েস কার্ড’ প্রদান করা হয়। এই কার্ডপ্রাপ্তরা পরবর্তীতে উপজেলাভিত্তিক প্রতিনিধি হিসেবে জেলা ও বিভাগীয় অডিশনে অংশ নেওয়ার সুযোগ পাবে। ​আগামী ২১ নভেম্বর শনিবার সকাল ৮টায় ঠাকুরগাঁও সদর প্রেস ক্লাব মিলনায়তনে রংপুর বিভাগীয় ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে। বিভাগীয় পর্বের বিজয়ীদের নগদ অর্থ পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হবে বলে আয়োজক সূত্রে জানানো হয়েছে। ​অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকমণ্ডলী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মপ্রাণ মুসল্লি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা উপস্থিত কোমলমতি হাফেজদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং বলেন, এ ধরনের কোরআনী আয়োজন শিশুদের মাঝে সঠিক সুশিক্ষা ও ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন