
ঢাকার দোহার উপজেলায় মানবিক উদ্যোগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও দোহার পৌরসভার প্রশাসক।
অসহায় বিধবা আলেয়া বেগমের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে তাৎক্ষণিকভাবে তাঁর মৌখিক আবেদন মঞ্জুর করে একটি সেলাই মেশিন প্রদান করেছেন ইউএনও।
আলেয়া বেগম দোহার পৌরসভার উত্তর জয়পাড়া এলাকার বাসিন্দা। তাঁর স্বামী মৃত জয়নাল। পাঁচ কন্যাসন্তান নিয়ে তিনি জীবনযাপন করছেন। তাঁর কোনো পুত্রসন্তান নেই, এমনকি নিজস্ব জমিজমাও নেই। স্বামীর মৃত্যুর পর নানা সীমাবদ্ধতার মধ্যে পরিবার নিয়ে তাঁর জীবন কাটছে।
এ অবস্থায় অসহায় আলেয়া বেগমের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন দোহার প্রেসক্লাবের সাংবাদিক মাহমুদুল হাসান সুমন। সকালে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দোহার পৌরসভার প্রশাসকের কাছে উপস্থিত হয়ে আলেয়া বেগমের জন্য একটি সেলাই মেশিনের আবেদন জানান।
বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে ইউএনও মহোদয় তাৎক্ষণিকভাবে মৌখিক আবেদন মঞ্জুর করেন এবং আলেয়া বেগমের হাতে একটি সেলাই মেশিন তুলে দেন।
সেলাই মেশিনটি আলেয়া বেগমের জন্য আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে তিনি সেলাইয়ের কাজ করে নিজের ও পাঁচ মেয়ের জীবিকা নির্বাহে কিছুটা হলেও স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।
অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাৎক্ষণিকভাবে সহায়তার এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে মানবিক প্রশাসনের ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। আলেয়া বেগমের মতো অসহায় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে তাঁদের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনার পথও সুগম হতে পারে।




