
কুষ্টিয়ার কুমারখালীতে ইটভাটা থেকে ট্রাক্টর ডাকাতির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি সুমন হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার মির্জাপুর মোড় এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুমন হোসেন শিলাইদহ ইউনিয়নের মির্জাপুর গ্রামের আবেদ আলীর ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার এসবিসি ইটভাটার মালিক খন্দকার সাজ্জাদুল হক বাদী হয়ে ২০২৪ সালের ২৫ জুলাই কুমারখালী থানায় অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জনকে আসামি করে ডাকাতি মামলা দায়ের করেন। মামলাটি কুমারখালী থানার ৩৪ নম্বর মামলা হিসেবে নথিভুক্ত হয়। তদন্তে সুমন হোসেনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সুমনকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





