
যশোরের চৌগাছায় দিনদুপুরে ভীতি প্রদর্শন করে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির কর্মীদের কাছ থেকে প্রায় ৪০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (২১ অক্টোবর) দুপুর আনুমানিক ২টা ৫০ মিনিটের দিকে উপজেলার বেড়গোবিন্দপুর বাওড়ের সেতুসংলগ্ন ফাঁকা জায়গায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলেন, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির এসআর (সেলস রিপ্রেজেন্টেটিভ) মো. মিলন হোসেন (৩৫) এবং গাড়িচালক রিয়োন (২৫)। মিলন হোসেন যশোরের ঝিকরগাছা উপজেলার গোলবাগপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে এবং রিয়োন চৌগাছা উপজেলার স্বরূপদহ গ্রামের আব্দুর রহিমের ছেলে।
স্হানীয়দের প্রাথমিক তথ্যনুযায়ী, বুধবার দুপুরে বেড়গোবিন্দপুর গ্রামের বাজারে মালামাল সরবরাহ শেষে কোম্পানির মালবাহী করিমন নিয়ে ফিরছিলেন ওই দুই কর্মী। পথে চৌগাছা ইউনিয়নের চানপুর-বেড়গোবিন্দপুর সড়কের বেড়গোবিন্দপুর বাওড়ের সেতুসংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে লাল-কালো রঙের দুটি পালসার মোটরসাইকেলে চারজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি এসে তাঁদের গাড়ির গতিরোধ করে। হেলমেট পরিহিত ওই ব্যক্তিরা ভয়ভীতি প্রদর্শন করে মালামাল বিক্রির সংগৃহীত নগদ প্রায় ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এ সময় ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসতে থাকলে ছিনতাইকারীরা মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পর ভুক্তভোগীরা চৌগাছা থানায় যান বলে জানা গেছে।





