
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড়ে ৭৫ শতাংশ জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে তিন কোটি টাকা চাঁদা দাবি, জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন ১৯ ব্যবসায়ী। তাঁদের অভিযোগের তির আতাউর রহমান সরকার ও তাঁর সহযোগীদের দিকে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর বুধবার দুপুরে বিরোধপূর্ণ জমিতে সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান তুলে ধরেন তাঁরা।
ব্যবসায়ীদের ভাষ্য, পূর্ব সানারপাড়ের সোনামিয়া মার্কেট এলাকায় অবস্থিত জমিটি প্রায় তিন বছর আগে তাঁরা যৌথভাবে ক্রয় করেন। পরে জমির চারপাশে সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়। কিন্তু দীর্ঘদিন ধরে একটি পক্ষ জমিটি ওয়ারিশি সম্পত্তি দাবি করে দখলের চেষ্টা চালিয়ে আসছে। এ নিয়ে আপত্তি জানালে তাঁদের কাছে তিন কোটি টাকা দাবি করা হয় বলে অভিযোগ করেন তাঁরা।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য দেন মো. শাহজাহান বাচ্চু। তিনি দাবি করেন, গত রোববার দুপুর ১২টার দিকে আতাউর রহমান সরকারসহ অভিযুক্ত ব্যক্তিরা জমিতে প্রবেশ করে নিজেদের নামসংবলিত সাইনবোর্ড টাঙিয়ে দেন। তাঁদের উদ্দেশ্য ছিল জমিটি দখলে নেওয়া। এ সময় জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধ আরও জটিল হয়ে ওঠে বলে জানান তিনি।
শাহজাহান বাচ্চুর দাবি, চাঁদা না দেওয়ায় তাঁদের বিভিন্ন ধরনের হুমকির মুখে পড়তে হচ্ছে। জমি ঘিরে হামলা-ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগও করেন তাঁরা। এ পরিস্থিতিতে জমির নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। এ ঘটনায় গত মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে শাহজাহান বাচ্চু বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত আতাউর রহমান সরকার ও অন্যদের বক্তব্য পাওয়া যায়নি।





