
ঝালকাঠির নলছিটি উপজেলা আওয়ামী যুবলীগের নামে পরিচালিত একটি টেলিগ্রাম গ্রুপে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন কামনা এবং ঝালকাঠি জেলা আওয়ামী যুবলীগের বিপ্লবী আহ্বায়ক রেজাউল করিম জাকিরের কারামুক্তি উপলক্ষে সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়েছে।
প্রচারিত একটি পোস্টার অনুযায়ী, আগামী ২১ অক্টোবর ২০২৬, বুধবার রাত ৯টায় নলছিটি উপজেলা আওয়ামী যুবলীগের টেলিগ্রাম গ্রুপে এ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। তবে কর্মসূচিটি বাস্তবে অনুষ্ঠিত হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
পোস্টারে প্রধান অতিথি হিসেবে অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সাধারণ সম্পাদক, ঝালকাঠি জেলা আওয়ামী লীগ এবং সাবেক চেয়ারম্যান, ঝালকাঠি জেলা পরিষদের নাম উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া অতিথি হিসেবে ব্যারিস্টার সুমাইয়া হোসেন অদিতি, সম্মানিত আলোচক হিসেবে শেখ ওয়ালী আসিফ ইনান এবং সভাপতিত্ব করার কথা রয়েছে নলছিটি উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. মামুন তালুকদারের।
পোস্টারে প্রধান আলোচক হিসেবে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ ও যুবলীগের বিভিন্ন নেতার নামও রয়েছে।
পোস্টারে কর্মসূচির উদ্দেশ্য হিসেবে শেখ হাসিনার প্রত্যাবর্তন কামনা এবং রেজাউল করিম জাকিরের কারামুক্তি উপলক্ষে সংবর্ধনা ও দোয়ার কথা বলা হয়েছে।





