
দোহার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অক্টোবর ২০২৬ মাসের মাসিক সাধারণ সভা ২৮ তারিখ বুধবার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন দোহার উপজেলার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মাইদুল ইসলাম।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনদুর্ভোগ নিরসন এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে কারেন্ট জাল নিধন, প্রজনন মৌসুমে ইলিশ মাছ ধরা প্রতিরোধ, মাদকের সমস্যার সমাধান এবং এলাকার ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে থানার মোড় এলাকায় অটো রিকশা সরিয়ে রাখা এবং ছোট ফুটপাত ব্যবসায়ীদের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মো: মাসুদ পারভেজ, ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শীলা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: মোশাররফ হোসেন, এসআই সুমনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভা শেষে এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজগুলো সঠিকভাবে বাস্তবায়নে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়।





