চারঘাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও প্রদর্শনী

‘হাত ধোয়ার নায়ক হোন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে বিশ্ব হাতধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর ২০২৬) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সচেতনতামূলক র‍্যালি, আলোচনা সভা ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার প্রদর্শনীর আয়োজন করা হয়। চারঘাট উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস।

আলোচনা সভায় জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মেহেদী হাসান সঞ্চালনা করেন। তিনি হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরে বলেন, প্রসবের সময়, খাবার তৈরি ও পরিবেশনের আগে এবং খাবার গ্রহণের আগে-পরে সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বিশেষ করে শিশুদের মধ্যে এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে, যাতে পরিবার থেকে সমাজের সর্বস্তরে হাত ধোয়ার অভ্যাস ছড়িয়ে পড়ে। এ সময় তিনি পবিত্র কোরআনের সূরা আল-মায়িদার ৬ নম্বর আয়াতের প্রসঙ্গও তুলে ধরেন।

বক্তারা বলেন, হাত ধোয়ার মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবিধি অবহেলা করলে বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। নিয়মিত ও সঠিক পদ্ধতিতে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে রোগের সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। এ জন্য উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হাত ধোয়ার প্রয়োজনীয় ব্যবস্থা স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

চারঘাট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম শিক্ষার্থীদের নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকদেরও এ বিষয়ে সচেতন করতে হবে, যাতে শিশুরা বিদ্যালয়ের পাশাপাশি বাড়িতেও স্বাস্থ্যবিধি মেনে চলে।

চারঘাট উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, সুস্থ থাকতে নিয়মিত ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার কোনো বিকল্প নেই। ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা ও রোগ প্রতিরোধে এ অভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সরা উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. রাশেদা পারভিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং চারঘাট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের একপর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, সংক্রামক রোগ প্রতিরোধ এবং সুস্থ সমাজ গঠনে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিষয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ এর প্রেস ব্রিফিং

 ঠাকুরগাঁও-১ শূন্য আসনের উপনির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ করতে স্পেশাল