নিষেধাজ্ঞা শেষ, নদীতে নামার প্রস্তুতি নিচ্ছে জেলেরা, ইলিশ পওয়া নিয়ে শঙ্কা

দীর্ঘ ২১ দিনের অপেক্ষার অবসান হচ্ছে। মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা শেষ হওয়ায় ২৯ অক্টোবর রাত ১২টার পর পদ্মা নদীতে মাছ ধরতে নামার প্রস্তুতি নিচ্ছেন রাজবাড়ীর জেলেরা। ইতিমধ্যে জাল ও নৌকা প্রস্তুত করেছেন তাঁরা। তবে এবার নদীতে ইলিশের দেখা কম মেলায় মাছের প্রাপ্যতা নিয়ে শঙ্কায় রয়েছেন জেলেরা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১২টার পর থেকে নদীতে মাছ ধরতে যাওয়ার অপেক্ষায় রয়েছেন জেলেরা। দীর্ঘদিন কর্মহীন থাকার পর নদীতে ফিরতে পারার আনন্দ থাকলেও কাঙ্ক্ষিত মাছ পাওয়া যাবে কি না, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
জেলে হারুনুর রশিদ বলেন, “২১ দিন নদীতে যাওয়া হয়নি। আজ রাত ১২টার পর নদীতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। আমরা সরকারি নিয়ম মেনে গত ২১ দিন নদীতে যাইনি। তবে নিষেধাজ্ঞা চলাকালে মৌসুমি জেলেরা নদীতে গিয়ে অবাধে ইলিশ ধরেছে।”
আরেক জেলে বাবু বলেন, “অভিযানের সময় নদীর দিকে তাকালে শত শত নৌকা দেখা যেত। অথচ সারা বছর এত জেলে নদীতে দেখা যায় না। আজ নদীতে যাব। তবে কেমন মাছ পাওয়া যাবে, তা জানি না।”
জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞার সময় মৌসুমি জেলেদের নদীতে মাছ ধরতে দেখা গেছে। এতে নিয়ম মেনে চলা জেলেদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। তাঁদের মতে, নিষেধাজ্ঞা সবার জন্য সমানভাবে কার্যকর হলে ইলিশ সংরক্ষণের উদ্যোগ আরও ফলপ্রসূ হতে পারে।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক জানান, অভিযান শুরুর দিকে নদীতে জেলেদের তেমন দেখা যায়নি। তবে ১৫ অক্টোবরের পর অসাধু জেলেদের নদীতে দেখা গেছে। তিনি বলেন, এবার নদীতে তেমন ইলিশ মাছ দেখা যায়নি।
জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর দুপুর পর্যন্ত রাজবাড়ীতে ৮৮টি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময়ে ১৮টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। জব্দ করা হয়েছে ১৬ লাখ ২০ হাজার মিটার অবৈধ জাল। এ ছাড়া ৭৮টি মামলা করা হয়েছে এবং বিভিন্ন মেয়াদে ৪৬ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে ১ লাখ ৮৬ হাজার টাকা।
অভিযানে জব্দ করা হয়েছে ২৭৮ কেজি ইলিশ। এসব মাছ জেলার বিভিন্ন এতিমখানা ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। জব্দ করা মালামাল নিলামে বিক্রি করে আয় হয়েছে ১ লাখ ১০০ টাকা। এ ছাড়া ২৬ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।
নিষেধাজ্ঞা শেষে নদীতে ফেরার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। এখন তাঁদের অপেক্ষা পদ্মায় জাল ফেলার। দীর্ঘ বিরতির পর নদীতে কাঙ্ক্ষিত ইলিশ মিলবে কি না, সেই উত্তর পেতে অপেক্ষা করতে হবে আরও কিছু সময়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন