
নাটোরের গুরুদাসপুরে গভীর রাতে গোয়ালঘরের লোহার শিকল কেটে পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।
শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের বাসিন্দা মো. আঃ জলিলের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে জলিল তাঁর গোয়ালঘরে থাকা পাঁচটি গরু দেখাশোনা করে শয়নকক্ষে ঘুমাতে যান। রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটের দিকে তাঁর স্ত্রী তানিয়া বেগম প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘুম থেকে উঠে ঘরের দরজা খুলতে গিয়ে দেখেন, দরজাটি বাইরে থেকে শিকল দিয়ে আটকানো। বিষয়টি স্বামীকে জানালে তাঁরা চিৎকার শুরু করেন। পরে প্রতিবেশীরা এসে দরজার বাইরের শিকল খুলে দেন।
ঘর থেকে বের হয়ে গোয়ালঘরে গিয়ে তাঁরা দেখতে পান, গোয়ালঘরের দরজার লোহার শিকল কেটে পাঁচটি গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
ভুক্তভোগী জলিল জানান, এরপর তিনি বাড়ির সামনের পাকা রাস্তায় গিয়ে একটি পিকআপে তাঁর চুরি হওয়া পাঁচটি গরু দেখতে পান। এ সময় চিৎকার করলে পিকআপে থাকা অজ্ঞাত ব্যক্তিরা দ্রুত গাড়ি চালিয়ে নাটোরের হাসলার দিকে পালিয়ে যায়।
চুরি হওয়া গরুগুলোর মধ্যে দুটি গাভী, একটি এঁড়ে গরু, একটি বকনা গরু ও একটি বকনা বাছুর রয়েছে। এগুলোর আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।
এ ঘটনায় মো. বেলাল হোসেন, আব্দুর রহিম, মো. ফাকুসহ স্থানীয় কয়েকজনকে সাক্ষী উল্লেখ করে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মো. আঃ জলিল।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন তিনি।
এ বিষয়ে গুরুদাসপুর থানার এসআই নাসিফ বলেন, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।





