
চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষার্থী মাইশা মুশফিরাত। তার মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি মুঠোফোনের কাভারের ছবি। তাতে লেখা ‘শরতের ঝরা পাতার মতো মৃত্যু’ (death like autumn leaves)—যা নতুন করে নাড়া দিয়েছে অনেককে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। একটি লরির ধাক্কায় স্থানীয় পথে চলাচলকারী একটি বাস উল্টে গেলে সড়কে দাঁড়িয়ে থাকা তিন শিক্ষার্থী বাসটির নিচে চাপা পড়েন।
গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মাইশা। আহত অপর দুই শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি লরি পাশাপাশি যাওয়ার সময় একটি লরি অন্যটিকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি ৮ নম্বরের একটি স্থানীয় বাসকে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে গিয়ে তিন শিক্ষার্থীকে চাপা দেয়।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান ইভা জানান, দুর্ঘটনার শিকার তিন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালনের জন্য সকালে ক্যাম্পাসে আসছিলেন।
বারআউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট শফিউল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় জড়িত দুটি লরি ও বাসটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা মাইশাকে মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে মাইশার মুঠোফোনের কাভারে লেখা ছিল, ‘জীবন গ্রীষ্মের ফুলের মতো সুন্দর হোক, আর মৃত্যু হোক শরতের ঝরা পাতার মতো’(Let life be beautiful like summer flowers and death like autumn leaves)। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘স্ট্রে বার্ডস’ কাব্যগ্রন্থের এই উক্তির অংশবিশেষ তার মৃত্যুর পর নতুন করে আলোচনায় এসেছে।




