
দেশব্যাপী তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান শিশু-কিশোর ক্রীড়াবিদ খুঁজে বের করার লক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশব্যাপী এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একই সময়ে দেশের অন্যান্য উপজেলার সঙ্গে কাউখালীতেও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে কাউখালী উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অনলাইনে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সংবাদকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
পরে বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ের অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দৌড় ও দীর্ঘ লাফ ইভেন্টে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
আয়োজকদের আশা, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান শিশু-কিশোর ক্রীড়াবিদদের খুঁজে বের করে যথাযথ বাছাই ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের আওতায় আনা সম্ভব হবে। এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ের জন্য দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার পথ আরও সুগম হবে.।





