
পিরোজপুরের মঠবাড়িয়ায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ২ হাজার ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ এক লাখ টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) মঠবাড়িয়া উপজেলার ২ নম্বর ধানীসাফা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাফা বাজারে ‘মেসার্স উর্মি এন্টারপ্রাইজ’ দোকানের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ধানীসাফা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রুবেল বেপারী (২৯) এবং মিরুখালী ইউনিয়নের দেবীপুর গ্রামের মো. ইমাদুল দফাদার (৩৮)।
পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা-এর দিকনির্দেশনায় এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন আল মাহাবুবের তত্ত্বাবধানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ২ হাজার ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ এক লাখ টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদকসহ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।




