
একসময় যানবাহন আর মানুষের পদচারণায় দিন-রাত মুখর থাকত দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার দৌলতদিয়া ঘাট। ফেরি ও লঞ্চের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি, হকারদের হাঁকডাক, খাবার হোটেল আর ছোট-বড় ব্যবসাপ্রতিষ্ঠানে ছিল প্রাণচাঞ্চল্য। কিন্তু পদ্মা সেতু চালুর পর পাল্টে গেছে সেই চিরচেনা দৃশ্য। কমেছে যানবাহন ও যাত্রীর চাপ, হারিয়েছে ঘাটকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যের জৌলুশ। বন্ধ হয়েছে অসংখ্য হোটেল, দোকান ও আবাসিক বোর্ডিং। কাজ হারিয়ে প্রায় দুই হাজার মানুষ এখন কর্মহীন। তাঁদের কেউ পেশা পরিবর্তন করেছেন, কেউ আবার জীবিকার সন্ধানে পাড়ি জমিয়েছেন বিদেশে।
খোঁজ নিয়ে জানা যায়, দৌলতদিয়া ঘাটের তিনটি হকার্স সংগঠনের প্রায় ১৫০০ শত সদস্যের অধিকাংশই এখন আগের মতো ব্যবসা করতে পারছেন না। অনেকের দোকান বন্ধ হয়ে পড়ে আছে। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় সেগুলো নষ্ট হচ্ছে। এ ছাড়া ঘাটের দুই পাশের সড়কে থাকা শতাধিক খাবার হোটেল, শতাধিক টং ও ভাসমান দোকান এবং অর্ধশতাধিক আবাসিক বোর্ডিং বন্ধ হয়ে গেছে। এসব ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত শ্রমিক, কর্মচারী ও ব্যবসায়ীদের অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। সব মিলিয়ে দৌলতদিয়া ঘাটকেন্দ্রিক প্রায় দুই হাজার মানুষের জীবিকায় নেমে এসেছে অনিশ্চয়তা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা যায়, পদ্মা সেতু চালুর আগে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দিয়ে প্রতিদিন দৌলতদিয়া প্রান্তে চার হাজারের বেশি ছোট-বড় যানবাহন এবং প্রায় অর্ধলক্ষাধিক মানুষ নদী পারাপার হতেন। দুই প্রান্ত মিলিয়ে যানবাহনের সংখ্যা ছিল প্রায় আট হাজার এবং যাত্রী ছিল লক্ষাধিক। বর্তমানে দৌলতদিয়া প্রান্ত দিয়ে প্রতিদিন পাঁচ শতাধিক যানবাহন পারাপার হচ্ছে। দুই প্রান্ত মিলিয়ে এ সংখ্যা প্রায় এক হাজার। ফলে আগের তুলনায় যানবাহন পারাপার উল্লেখযোগ্য হারে কমেছে।
দৌলতদিয়া হকার্স সমবায় সমিতির সভাপতি মো. বাবুল সরদার বলেন, পদ্মা সেতু চালুর পর দৌলতদিয়া ঘাটে আগের সেই চিরচেনা দৃশ্য আর দেখা যায় না। একসময় ঘাট এলাকায় হকার ও সাধারণ ব্যবসায়ীদের যে কর্মব্যস্ততা ছিল, তা এখন অনেকটাই হারিয়ে গেছে। অনেক হকার ও ব্যবসায়ী বেকার জীবন কাটাচ্ছেন। কেউ পেশা পরিবর্তন করেছেন, আবার অনেকে জীবিকার তাগিদে বিদেশে চলে গেছেন।
হোটেল ব্যবসায়ী মান্নান মোল্লা বলেন, একসময় তাঁর বড় তিনটি খাবার হোটেল ছিল। সেখানে ৩০ থেকে ৩৫ জন কর্মচারী কাজ করতেন। পদ্মা সেতু চালুর পর ক্রেতা ও যাত্রীর সংখ্যা কমে যাওয়ায় হোটেলগুলো বন্ধ করে দিতে হয়েছে। বর্তমানে মাত্র দুজন কর্মচারী নিয়ে ছোট একটি হোটেল চালাচ্ছেন। আগের ব্যবসার সঙ্গে বর্তমান অবস্থার কোনো তুলনা হয় না।
দৌলতদিয়া আবাসিক বোর্ডিং সমিতির সাধারণ সম্পাদক মো. ইউনুস বলেন, ঘাট এলাকার অধিকাংশ আবাসিক বোর্ডিং এখন বন্ধ। যাত্রী ও অতিথি কমে যাওয়ায় কর্মচারীদের বেতন দেওয়ার মতো আয় হচ্ছে না। দু-একটি বোর্ডিং কোনো রকমে চালু রয়েছে।
রিকশাচালক জামাল বলেন, আগের সেই জৌলুশ আর নেই দৌলতদিয়া ঘাটে। সড়কের দুই পাশের দোকান ও হোটেল গুলো বন্ধ হয়ে পড়ে আছে। সন্ধ্যার পর অনেক জায়গা প্রায় জনশূন্য হয়ে যায়। কাজের অভাবে অনেকে পেশা পরিবর্তন করেছেন। কেউ কেউ বিদেশেও চলে গেছেন।
দৌলতদিয়া লঞ্চঘাটের ব্যবস্থাপক নুরুল আনোয়ার মিলন বলেন, আগের মতো যাত্রী এখন আর দেখা যায় না। আগে প্রতি ১০ মিনিট পরপর ঘাট থেকে লঞ্চ ছেড়ে যেত। এখন ৩০ থেকে ৪৫ মিনিট পরপর লঞ্চ ছাড়লেও পর্যাপ্ত যাত্রী পাওয়া যায় না। এ নৌরুটে পালাক্রমে ৩২টি লঞ্চ চলাচল করে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন বলেন, বর্তমানে দৌলতদিয়া ঘাট দিয়ে প্রতিদিন ছোট-বড় প্রায় ৫০০ যানবাহন নদী পারাপার হয়। পদ্মা সেতু চালুর আগে এ সংখ্যা ছিল ৪ হাজার ২০০ থেকে ৪ হাজার ৫০০। দুই প্রান্ত মিলিয়ে সংখ্যাটি দ্বিগুণ ছিল। তবে বর্তমানে যানবাহন পারাপারে আগের মতো ভোগান্তি নেই। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় মিলিয়ে ২১টি ফেরি রয়েছে। এর মধ্যে পালাক্রমে ৯ থেকে ১০টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।
একসময় হাজারো মানুষের কর্মচাঞ্চল্যে মুখর দৌলতদিয়া ঘাট এখন অনেকটাই নীরব। যানজট ও দীর্ঘ অপেক্ষার ভোগান্তি কমলেও ঘাটকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যের সঙ্গে জড়িত মানুষের জীবনে নেমে এসেছে অর্থনৈতিক সংকট। তাঁদের অনেকেরই প্রশ্ন, ঘাটের সেই পুরোনো জৌলুশ হয়তো আর ফিরবে না, কিন্তু হারিয়ে যাওয়া কর্মসংস্থানের বিকল্প ব্যবস্থা হবে কবে?
