
শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সাভারের হেমায়েতপুর। বুধবার সকাল থেকে শ্রমিকেরা স্বাভাবিকভাবে কারখানায় কাজে যোগ দিলেও বেলা ১০টার দিকে বিভিন্ন কারখানার শ্রমিকেরা কাজ ছেড়ে বেরিয়ে আসেন। একপর্যায়ে তাঁরা হেমায়েতপুরের বাগবাড়িতে অবস্থিত স্যামস স্টাইলিং গ্রুপের প্রধান ফটকের সামনে জড়ো হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান।
এদিকে শ্রমিক বিক্ষোভের মুখে আশুলিয়ার কয়েকটি তৈরি পোশাক কারখানায় বুধবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে বেশির ভাগ কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বুধবার সকালে স্যামস স্টাইলিং গ্রুপের শ্রমিকেরা কারখানার ভেতরে কাজ করছিলেন। এ সময় আশপাশের বিভিন্ন কারখানা থেকে বেরিয়ে আসা শ্রমিকেরা কারখানাটির প্রধান ফটকের সামনে জড়ো হতে থাকেন। তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনার পর স্যামস স্টাইলিংসহ বাগবাড়িতে অবস্থিত যমুনা গ্রুপের সব কারখানা বন্ধ ঘোষণা করা হয়।
অন্যদিকে আশুলিয়ায় সকালে প্রথমে শারমিন গ্রুপের শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। পরে স্কাইলাইন গার্মেন্টসেও একই পরিস্থিতির সৃষ্টি হয়। শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করতে থাকলে কারখানা কর্তৃপক্ষ বুধবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে। এরপর শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে যান।
শিল্প পুলিশ জানায়, আশুলিয়ার বেশির ভাগ পোশাক কারখানায় কাজ চলছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন কারখানার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। পাশাপাশি পুলিশের টহল জোরদার করা হয়েছে।
তবে হেমায়েতপুরের বাগবাড়িতে শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ও পোশাকশ্রমিকেরা মুখোমুখি অবস্থানে ছিলেন।





